সংবিধান সংশোধন-প্রক্রিয়ায় বিএনপির যুক্ত থাকা উচিত
সংবিধান সংশোধনের প্রক্রিয়ার সঙ্গে বিএনপির যুক্ত থাকা প্রয়োজন। সে জন্য সংবিধান সংশোধনসংক্রান্ত সংসদীয় কমিটিতে তাদের অংশ নেওয়া উচিত বলে মনে করেন সংবিধান বিশেষজ্ঞরা। তবে তাঁরা এটাও মনে করেন যে বিএনপিকে কমিটিতে রাখার ব্যাপারে সরকারকে আরও সচেষ্ট হতে হবে।তবে সংবিধান বিশেষজ্ঞদের এ মতকে সমর্থন করেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।সংবিধান সংশোধনের জন্য ১৫ সদস্যের বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয় ২১ জুলাই। তার আগে সংসদের চিফ হুইপ আবদুস শহীদ এই কমিটিতে একজন সদস্যের নাম দেওয়ার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে চিঠি পাঠান। বিএনপি কারও নাম দেয়নি, বরং পাল্টা চিঠি দিয়ে কী কারণে এবং সংবিধানের কোন কোন অনুচ্ছেদ সংশোধন হবে, তা জানতে চায়। এরপর বিএনপিকে ছাড়াই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিটির নাম ঘোষণা করেন। তবে বিএনপি রাজি হলে যেকোনো সময় কমিটি পুনর্গঠন করা হবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।এদিকে সরকার উচ্চ আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধনের কথা বললেও সেই পূর্ণাঙ্গ রায় এখনো প্রকাশিত হয়নি। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে সংবিধান সংশোধনের ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে। কেউ বলছেন, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়া হবে। কেউ বলছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হবে। আবার কেউ কেউ বলছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হবে। তবে বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো দলের রাজনীতি নিষিদ্ধ করা হবে না।পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায়: গতকাল শুক্রবার এ বিষয়গুলো সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশিষ্ট আইনবিদ কামাল হোসেন, এম জহির ও শাহ্দীন মালিক বলেন, অতীতে সংবিধান সংশোধনের ব্যাপারে এতটা খোলামেলা আলোচনার সুযোগ হয়নি। এবার সেই সুযোগ এসেছে। মতবিরোধ থাকতে পারে। কিন্তু আলাপ-আলোচনার মাধ্যমে তা দূর করার সুযোগ রয়েছে।উচ্চ আদালতের রায়ের আলোকে কীভাবে বা সংবিধানের কোন কোন অনুচ্ছেদ সংশোধন করা হবে—এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেন, রায়ের অনুলিপি হাতে পাওয়ার আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। কারণ, আগেই কথা বললে অহেতুক বিতর্ক সৃষ্টি হতে পারে।কামাল হোসেন বলেন, কমিটি কিছুদিনের মধ্যেই রায়ের অনুলিপি হাতে পেয়ে যাবে। যা-ই করুন, রায়ের আলোকেই করতে হবে। প্রয়োজন বোধে কাকে কাকে কমিটির সঙ্গে যুক্ত করতে হবে, সংবিধানের কোন কোন বিষয় বাদ যাবে, কোন কোন বিষয় ফিরে আসবে, কোন কোন বিষয় সম্পূরক হিসেবে যুক্ত হবে—সবই রায়ের অনুলিপি হাতে পাওয়ার পর ঠিক করা সম্ভব হবে।কামাল হোসেন বলেন, আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করায় মূল সংবিধান পুনরুদ্ধারের একটা সুযোগ তৈরি হয়েছে। নবগঠিত কমিটি জানিয়েছে, এ বিষয়ে তারা বিশেষজ্ঞদের পরামর্শ নেবে। সেটাও ভালো উদ্যোগ।বিরোধী দলকে যুক্ত করা উচিত: কমিটিতে বিএনপির অংশ নেওয়া না-নেওয়া সম্পর্কে ড. কামাল বলেন, ‘আদালতের রায় এবং কমিটি গঠনের বিষয়টিকে দলীয় বিরোধ হিসেবে দেখা ঠিক হবে না। কেননা, আদালতের রায় আমাদের জাতীয় অর্জন। যেকোনো প্রকারে হলেও বিরোধী দলকে এই কমিটিতে আনতে সরকারকে উদ্যোগী হওয়া উচিত। বিরোধী দলেরও উচিত কমিটিতে অংশ নেওয়া। কেননা, সম্মিলিতভাবে কাজটি করা হলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হবে।’সংবিধান বিশেষজ্ঞ ড. এম জহির প্রথম আলোকে বলেন, সংবিধান সংশোধন-প্রক্রিয়ায় বিএনপির যুক্ত হয়ে তাদের মত ও বক্তব্য তুলে ধরা উচিত। সংবিধান সংশোধনের বিষয়ে তিনি বলেন, পঞ্চম সংশোধনীসংক্রান্ত আপিল বিভাগের রায় এখনো প্রকাশিত হয়নি। রায় পাওয়ার পর সংসদীয় কমিটি তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।ড. শাহ্দীন মালিক বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। তবে সেটা সব দলকে নিয়েই করা উচিত। তাই বিএনপির এই কমিটিতে অংশ নেওয়ার প্রয়োজন আছে। মওদুদ আহমদ মনে করেন, সরকারের সংবিধান সংশোধনের উদ্দেশ্য দুরভিসন্ধিমূলক এবং জাতীয় স্বার্থের পরিপন্থী। খন্দকার মাহবুব হোসেন বলেন, সরকার কী করবে, নিজেই জানে না। কখনো বাহাত্তরের সংবিধানে ফেরা, কখনো আদালতের রায়ের আলোকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে। কিন্তু ওই রায় এখনো প্রকাশিত হয়নি। রায় জানার আগে এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয়।সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এখন অনেক কিছুই বলা হচ্ছে। কিন্তু কোনটা গ্রহণযোগ্য হবে, তা কমিটি ঠিক করবে। এ জন্য আমরা সংবিধান বিশেষজ্ঞ, আইন বিশারদসহ অনেকের সঙ্গেই মতবিনিময় করব। তার আগে আমাদের অন্তত এক-দুইটা সভা করতে হবে। তারপর একটা ধারণা পাওয়া যাবে যে আমরা কী করব বা করতে যাচ্ছি।’তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ: কামাল হোসেন বলেন, এ ব্যবস্থা থাকবে কি না, তা এখনই বলার বিষয় নয়। এ নিয়ে বিশেষজ্ঞ ও জনমত নিয়ে কমিটিকে সিদ্ধান্ত নিতে হবে। এম জহির মনে করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়া যৌক্তিক। শাহ্দীন মালিক বলেন, তিনি নীতিগতভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সমর্থন করেন না। কিন্তু এখনই এই ব্যবস্থা বাদ করা ঠিক হবে না। বরং সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা আর কত দিন থাকবে, তার জন্য একটা সময়সীমা বেঁধে দেওয়া যেতে পারে।মওদুদ বলেন, সংবিধান এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা যেভাবে আছে, সেভাবে থাকাই বাঞ্ছনীয়।খন্দকার মাহবুব হোসেন বলেন, অনেক চিন্তাভাবনা ও সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে এই পদ্ধতি প্রবর্তন করা হয়। এখন বাতিল করতে হলে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে।আপিল বিভাগের আদেশ: সংবিধানের পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপির মহাসচিব ও সুপ্রিম কোর্টের তিন আইনজীবীর করা লিভ টু আপিল (আপিল অনুমতির আবেদন) গত ২ ফেব্রুয়ারি খারিজ করে দেন আপিল বিভাগ। এদিন কিছু পরিমার্জন ও পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন তৎকালীন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে গঠিত ছয় বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গত, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছিল।হাইকোর্টের রায়: ২০০৫ সালের ২৯ আগস্ট বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি এ টি এম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রায়ে পঁচাত্তরের ১৫ আগস্ট খন্দকার মোশতাকের রাষ্ট্রক্ষমতা গ্রহণ সংবিধানবহির্ভূত এবং বেআইনি ঘোষণা করেন। একইভাবে রায়ে বলা হয়, পঁচাত্তরের ৬ নভেম্বর বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছে খন্দকার মোশতাকের ক্ষমতা হস্তান্তরও অবৈধ। পাশাপাশি বিচারপতি সায়েমের রাষ্ট্রপতির ক্ষমতা গ্রহণ ও তাঁকে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিয়োগ এবং জিয়াউর রহমানকে উপপ্রধান সামরিক আইন প্রশাসক নিয়োগও সংবিধানবহির্ভূত। তাঁদের সব ধরনের ক্ষমতা প্রয়োগও অবৈধ হিসেবে উল্লেখ করেন আদালত। এ ছাড়া সংবিধানের ৬, ৮, ৯, ১০, ১২, ২৫, ৩৮, ৪২ ও ১৪২ অনুচ্ছেদ মূল সংবিধানে যেরূপে ছিল, সেভাবে থাকবে বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়।