সংবিধান সংশোধন বিল চূড়ান্ত
সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১-এর প্রতিবেদন চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এ সময় আগের মন্ত্রিসভাই রুটিন (নিয়মিত) কাজ করবে। এ সরকারকে বলা হবে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সংসদ থাকলেও অধিবেশন বসবে না। প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে নির্বাচন পরিচালনার মূল কাজটি করবে নির্বাচন কমিশন। অন্তর্বর্তীকালীন এই তিন মাস প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারের সব অনুষঙ্গ নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে। এ জন্য কমিটি সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল-২০১১-তে কয়েকটি সংশোধনী দিয়ে প্রতিবেদন চূড়ান্ত করেছে। প্রতিবেদনটি মুদ্রণের জন্য গতকালই বিজি প্রেসে পাঠানো হয়েছে। সোমবার ও গতকালের বৈঠকে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে গতকালের সভায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা ও নির্বাচন কমিশনার ছহুল হোসাইনকে আমন্ত্রণ জানানো হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সভায় বলা হয়, নির্বাচন কমিশন হবে একজন নারীসহ তিন সদস্যের। কমিশন নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফলাফলের গেজেট ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন বিষয়ে মামলা করার সুযোগ না রাখার প্রস্তাব দিয়েছে। কমিটি একাধিক প্রস্তাবের সঙ্গে একমত হয় বলে জানা গেছে।বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তীকালীন এ সরকারব্যবস্থা বাহাত্তরের সংবিধানেই আমাদের ফাউন্ডার ফাদাররা রেখে গেছেন। এটি ভেলিড, এটি আছেই। সংবিধানের ১১৮ থেকে ১২৬ অনুচ্ছেদ পর্যন্ত সকলটি অন্তর্বর্তীকালীন সরকারের। অর্থাৎ নির্বাচন করার অধিকার কমিশনকে দেওয়া হয়েছে। ইসিকে সকলকেই সহায়তা করতে হবে। ইসি যা চাইবেন, রাষ্ট্রপতি সে সাহায্য করবেন।’জানা গেছে, বিলের ওপর কমিটির প্রতিবেদনে ৭২ অনুচ্ছেদের উপদফায় একটি সংশোধনী দেওয়া হচ্ছে। ৬০ দিনের বাধ্যবাধকতা সব সময় প্রযোজ্য হবে, শুধু অন্তর্বর্তীকালীন সময়ের ওই ৯০ দিনের বেলায় প্রযোজ্য হবে না। ১২৫ অনুচ্ছেদে নতুন একটি দফা যুক্ত করা হবে। তফসিল ঘোষণা থেকে ফল গেজেট প্রকাশ পর্যন্ত নির্বাচন কমিশনে শুনানি না করে কোনো মামলা যেন আমলে নেওয়া না হয়। এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, বিলের প্রতিবেদন পেশের পর কেউ যদি সংশোধনী দিতে চান, তা নিয়ে আলোচনা হতে পারে সংসদে। সার্বিকভাবে সংসদ তা গ্রহণ করতে পারে, না-ও পারে।গত শনিবার সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১ বিল সংসদে উত্থাপিত হয়। ওই দিন স্পিকার আবদুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে সংসদে উত্থাপনের জন্য স্থায়ী কমিটিতে পাঠান।