সংবিধান সংশোধন বিল নিয়ে সংসদীয় কমিটি বৈঠক করেছে
সংবিধানের পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত বিল নিয়ে আলোচনা করতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আজ সোমবার বৈঠক করেছে। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠক শুরু হয়ে চলে বেলা দেড়টা পর্যন্ত। বিএনপিসহ বিরোধী দলের অনুপস্থিতিতে ২৫ জুন আইনমন্ত্রী শফিক আহমেদ জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের সুপারিশ-সংবলিত সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ উত্থাপন করেন। বিলে অবৈধভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে বিবেচনার সুপারিশ করে সর্বোচ্চ দণ্ডের বিধান রাখারও প্রস্তাব করা হয়। বিলটি উত্থাপনের সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে স্বাগত জানালেও একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম এর বিরোধিতা করে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করেন। বিল উত্থাপনের বিষয়টি কণ্ঠ ভোটে পাস হয়।স্পিকার আবদুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান। এ লক্ষ্যেই কমিটি আজ বৈঠক করে। বিল উত্থাপনের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, এর প্রতিবাদে ২৮ জুন কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।প্রসঙ্গত, প্রস্তাবিত আইনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সম্পর্কিত সংবিধানের (অনুচ্ছেদ ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ, ৫৮ঙ) বাতিলের সুপারিশ করা হয়েছে। ৪৮ পৃষ্ঠার এই বিলে সংবিধানের ৫১টি দফায় সংশোধন, পরিবর্তন, প্রতিস্থাপন ও অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় আনা এ বিলে সংবিধানের মৌলিক কাঠামো-সংক্রান্ত বিধান সংশোধন অযোগ্য করে নতুন অনুচ্ছেদ ৭(খ) যোগ করা হয়েছে। এ ছাড়া বিলে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’, রাষ্ট্রধর্ম ইসলাম, ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ কিছুটা সংশোধিত আকারে প্রায় আগের মতোই রাখা হয়েছে। সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণার টেলিগ্রাম এবং দশই এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের অংশ করার সুপারিশ করা হয়েছে। এ জন্য সংবিধানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম—এ তিনটি নতুন তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে।