বিএনপি ও সমমনা দলগুলোর বৈঠক
সংবিধান সংশোধন বিষয়ে সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত
সংবিধান সংশোধন বিষয়ে সরকার আসলে কী করতে চায়, কী কী ধারা পরিবর্তন করতে চায়—এটা পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, চারদলীয় জোটের শরিক ও সমমনা দলগুলো। সরকারের পদক্ষেপ দেখে প্রয়োজনে জোটের শরিক ও সমমনা দলগুলো বসে কর্মসূচি নির্ধারণ করবে।আজ বুধবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চারদলীয় জোট ও সমমনা দলগুলোর মধ্যকার এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। রাত নয়টায় শুরু হয়ে এই বৈঠক চলে প্রায় দুই ঘন্টা ধরে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিসসহ বৈঠকে অংশ নেওয়া ধর্মভিত্তিক দলগুলো সংবিধান সংশোধন বিষয়ে বেশি উদ্বিগ্ন। কারণ সরকার ৭২ এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বলছে। এটি হলে এই দলগুলো রাজনীতি করার অধিকার হারাবে। বৈঠকে দলগুলোর নেতারা বিএনপির চেয়ারপারসনের কাছে তাদের উদ্বেগের কথা তুলে ধরেন।চারদলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রমুখ দলটির প্রতিনিধিত্ব করেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপির চেয়ারম্যান সাংসদ আন্দালিব রহমান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাকও বৈঠকে অংশ নেন। চারদলীয় জোটের শরিক দলগুলো ছাড়াও ইসলামিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা, ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপি, লেবার পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি প্রভৃতি ডানপন্থী দলের নেতারা বৈঠকে অংশ নেন।বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে—জানতে চাইলে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রথম আলোকে বলেন, বৈঠকে অংশ নেওয়া নেতারা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে জোর দিয়েছেন। শরিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, দুর্বল কর্মসূচি দিয়ে আওয়ামী লীগকে কাবু করা যাবে না। কঠোর কর্মসূচি দিতে হবে। খালেদা জিয়া জবাবে কী বলেছেন—জানতে চাইলে মাওলানা নেজামী বলেন, তিনি সব কথা শুনেছেন। বলেছেন, আগামী ২৫ তারিখ তাদের কর্মসূচি আছে। কর্মসূচিতে যেতে তিনি অনুরোধ করেছেন। তিনি দেশের সার্বিক অবস্থার কথা তুলে ধরে বলেছেন, এই অবস্থাতে কারও নিশ্চুপ থাকা সম্ভব নয়।বৈঠক শেষে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ‘সরকার সংবিধান সংশোধনের নামে তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করতে চাইছে। এভাবে প্রহসনের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। তিনি বলেন, ভবিষ্যতে চারদলীয় জোটসহ সরকারবিরোধী সব শক্তিকে একত্রিত করে আন্দোলন জোরদার করা হবে। এসব নিয়েই বৈঠকে কথা হয়েছে।