সংবিধান সংশোধনী কমিটিতে সব দলের সদস্য রাখা হবে: সৈয়দ আশরাফ
সংবিধান সংশোধনী কমিটিতে কাদের রাখা হবে—এমন প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘সব দলের সদস্যদের রাখা হবে। আশা করা হচ্ছে, সবাই এ সুযোগ নিবে।’এ কমিটিতে জামায়াতের কেউ থাকবে কি না, জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘জামায়াত থাকবে কি থাকবে না, সে সম্পর্কে প্রধানমন্ত্রী কিছু বলেননি। পরে এটা জানতে পারবেন।’আজ শনিবার বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ সাংবাদিকদের এ কথা বলেন।দলের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভায় গতকাল শুক্রবার কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানানোর আজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।মন্ত্রী বলেন, ‘কাল রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে চট্টগ্রামের নতুন নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠান হবে। এতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করি তিনি থাকবেন।’মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিষয়টি নিয়ে গতকাল কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে প্রতিটি বিভাগে জনমত গঠনের লক্ষ্যে রমজান মাসের পর মহাসমাবেশ করা হবে। এতে প্রধানমন্ত্রীও থাকবেন। সম্ভব হলে জেলা পর্যায়েও সম্মেলন হবে।এ ছাড়া সম্মেলনে ১৫ ও ২১ আগস্ট উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।