সংবিধান সংশোধনে কমিটি চূড়ান্ত, নাম দেয়নি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জন্য পদ খালি রেখে সংবিধান সংশোধনে সর্বদলীয় সংসদীয় কমিটি চূড়ান্ত করা হয়েছে। কমিটি গঠনের আগ মুহূর্ত পর্যন্ত বিএনপি নাম পাঠালে তা অন্তর্ভুক্ত করা হবে। তবে বিএনপি গত রাতে বৈঠক করে জানিয়ে দিয়েছে, আপাতত তারা সরকারের কাছে কোনো নাম পাঠাচ্ছে না।বিএনপি মনে করে, সরকারের দেওয়া চিঠিতে সুস্পষ্ট করে কিছুই বলা হয়নি। তাই পুরো বিষয়টি জানতে সরকারকে পাল্টা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।জানা গেছে, বাহাত্তরের সংবিধানে ফিরতে সংবিধান সংশোধন কমিটির একটি খসড়া চূড়ান্ত করা হয় গত রাতে। সাংসদদের বাইরে সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা কমিটিকে পরামর্শ দিতে পারবেন।রাতে চিফ হুইপ আবদুস শহীদ সাংবাদিকদের জানান, কমিটি গঠনের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আজ প্রধানমন্ত্রী সংসদে কমিটি উপস্থাপন করবেন। তিনি জানান, কমিটি হবে ১৯ সদস্যের। এরই মধ্যে দুটি নাম ফাঁকা রেখে ১৭ সদস্যের তালিকা চূড়ান্ত করা হয়েছে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, শেখ ফজলুল করিম সেলিম, আবদুস শহীদ, আবদুল মতিন খসরু, দীপু মনি, রহমত আলী, শিরিন শারমীন চৌধুরী, ফজলে রাব্বী মিয়া; জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু ও ন্যাপের আমেনা আহমেদ।সোমবার রাতে সর্বদলীয় এ কমিটি গঠনের জন্য প্রতিনিধির নাম চেয়ে সরকারি দলের পক্ষ থেকে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে চিঠি পাঠানো হয়। গতকাল মঙ্গলবারের মধ্যে নাম পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়েছিল। গত রাতে বৈঠক করে বিএনপি তার অবস্থান ব্যাখ্যা করেছে।বিএনপির বৈঠক: বিএনপি সরকারের কাছে জানতে চাইবে, সংসদের কোন কার্যপ্রণালী বিধি অনুযায়ী এ কমিটি গঠন করা হবে, সংবিধানের কোন কোন অংশ সংশোধন করা হবে, আর সরকারের চিঠিতে যে জাতীয় স্বার্থের কথা বলা হয়েছে, সেটি কী?গতকাল মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, সরকার বিএনপিকে যে চিঠি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক একটি জবাব দেবেন।কেন পাল্টা চিঠি দিচ্ছেন—জানতে চাইলে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘তারা যে চিঠি দিয়েছে, তা আমাদের কারও কাছে পরিষ্কার নয়। সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে বলা হয়নি, গোটা চিঠিটাই তাচ্ছিল্যের সঙ্গে লেখা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতির বৃহত্তর স্বার্থে সংবিধান সংশোধন করা হবে। কিন্তু বৃহত্তর স্বার্থটা কী? সংসদের কার্যপ্রণালী বিধির কোন ধারা অনুযায়ী কমিটি গঠন করা হবে, সংবিধানের কোন কোন অনুচ্ছেদ সংশোধন করা হবে, সে সম্পর্কে কিছুই বলা হয়নি।’সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘জাতির বৃহত্তর স্বার্থটা কী? সামনে রমজান মাস, এখন জাতির বৃহত্তর স্বার্থ হচ্ছে পেঁয়াজের দাম কমানো। এর সংশোধনী হলে আমি সেখানে যাব।’ বিএনপির চেয়ারপারসনের মনোভাব কী ছিল—জানতে চাইলে তিনি বলেন, বৈঠকে সবার মনোভাব একই রকম ছিল। কেউ চিঠিটির মানে বুঝতে পারছেন না।রাত নয়টার দিকে বৈঠক শুরু হয়। প্রায় এক ঘণ্টা বৈঠক চলে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে খোন্দকার দেলোয়ার হোসেন, মওদুদ আহমেদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, এম কে আনোয়ার ও জমির উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।সরকারি দলের সূত্র থেকে জানা যায়, কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে সংবিধানের সংশোধনীগুলো নিয়েও আলোচনা করবে। এরই মধ্যে সরকারি দলের জ্যেষ্ঠ নেতারা কয়েক দফা বৈঠক করে কমিটির খসড়া চূড়ান্ত করেছেন। আওয়ামী লীগসহ মহাজোটের শরিক দলগুলো ছাড়াও বিএনপি ও এলডিপিকে কমিটিতে রাখতে চায় সরকার। তবে সংসদে দুজন সদস্য থাকলেও জামায়াতে ইসলামীকে এ কমিটিতে রাখা হচ্ছে না। এ ব্যাপারে আবদুস শহীদ বলেন, যৌক্তিক কারণেই স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীকে কমিটিতে রাখা হচ্ছে না।প্রসঙ্গত, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শুক্রবার গণভবনে সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠনের ঘোষণা দেন।সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে চলতি অধিবেশনেই এ কমিটি গঠন করা হবে।