সংবিধান সংশোধনে জনগণকে সম্পৃক্ত করতে হবে: কামাল হোসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট আইনজীবী কামাল হোসেন বলেছেন, সংবিধান সংশোধনে দেশের জনগণকে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। এটি না করে সংবিধান সংশোধন করা হলে জনমনে প্রশ্ন দেখা দেবে।আজ রোববার ‘সংবিধান সংশোধন: প্রাসঙ্গিক ভাবনা ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় কামাল হোসেন এ কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জাতীয় প্রেসক্লাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।গণফোরামের সভাপতি ও ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, সংবিধান জনগণের সম্পদ। তাই এতে সংশোধনী আনতে হলে জনগণকে জানাতে হবে, তাদের মতামত নিতে হবে।কামাল হোসেন অভিমত দেন, সংবিধান সংশোধনে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া উচিত। তিনি বলেন, ‘এটি একটি পদ্ধতিগত বিষয়। বিশেষজ্ঞদের মতামত নিলে তাঁরা বলতে পারবেন, সংবিধানের কোথায় ঘাটতি আছে।’ মতৈক্য গড়ার কাজে প্রয়োজনে বিটিভির সহযোগিতা নেওয়া যেতে পারে বলে মত দেন তিনি।সংবিধান সংশোধন ও সাংবিধানিক বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য একটি সংবিধান কমিশন গঠনের প্রয়োজন আছে বলে মনে করেন সুজনের সভাপতি মোজাফফর আহমদ। তিনি বলেন, সংবিধান কোনো দল বা মহলকে ক্ষমতায়িত করার দলিল নয়। এ জন্যই সংবিধান সংশোধনের আগে সে বিষয়ে দেশের জনগণকে জানাতে হবে।সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলামও বলেন, জনমত গঠন না করে সংবিধান সংশোধন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।সংবিধান সংশোধনে দলীয় দৃষ্টিভঙ্গি অনুসরণের ব্যাপারে সতর্ক করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা।সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের আমূল পরিবর্তনের চেষ্টা সরকারের এখতিয়ার-বহির্ভূত।আলোচনায় আরও বক্তব্য দেন সিপিবির নেতা রুহিন হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা সুভাষ সিংহ রায়, সুজনের নির্বাহী সদস্য জাকির হোসেন প্রমুখ।