সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, সংবিধান সংশোধনে নাগরিকদের মতামত নেওয়া প্রয়োজন। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। সংবিধানে জনস্বার্থবিরোধী যা রয়েছে, তা অবশ্যই বাদ দেওয়া প্রয়োজন।আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান সংশোধনে নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। সুজনের সভাপতি মোজাফফর আহমদের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার।মোজাফফর আহমদ বলেন, সংবিধান সংশোধনে ইতিমধ্যেই একটি সংসদীয় কমিটি গঠিত হয়েছে। পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত আদালতের রায় নিয়েও আলোচনা হচ্ছে। এসব নিয়ে বিতর্কে না জড়িয়ে নাগরিকদের সুস্পষ্ট মতামত নেওয়া প্রয়োজন। এ নিয়ে ব্যাপক আলোচনা করে সংবিধান সংশোধনে সিদ্ধান্ত নেওয়া উচিত।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সংবিধান সংশোধনের এই উদ্যোগে আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে। সংবিধানে জনস্বার্থ-বিরোধী যা কিছু রয়েছে, আলোচনার মাধ্যমেই তা দূর করতে হবে। তিনি সংবিধান সংশোধনে নাগরিকদের মতামত নেওয়ার আহ্বান জানান।মূল প্রবন্ধে বলা হয়, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং কমিটির কার্যপরিধি সুনির্দিষ্ট করা প্রয়োজন। একই সঙ্গে কমিটির কাজের সময়সীমা নির্ধারণ এবং বর্তমান কমিটির পাশাপাশি একটি বিশেষজ্ঞ কমিটি বা কমিশন গঠন করা দরকার।সৈয়দ আবুল মকসুদ পঞ্চম সংশোধনী-সংক্রান্ত আদালতের রায়কে ইতিহাসের সবচেয়ে বড় গোঁজামিল বলে অভিহিত করেছেন। তিনি সংবিধানবিশেষজ্ঞ বলে খ্যাত অনেকের এ সংক্রান্ত বক্তব্যকে বুদ্ধিবৃত্তিক অসততা বলে আখ্যায়িত করেন।