সংবিধান সংশোধনে প্রতিবেদন উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের সুপারিশসংবলিত প্রতিবেদন গতকাল বুধবার সংসদে উপস্থাপন করা হয়েছে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী প্রতিবেদন উপস্থাপনের সময় বলেন, বিদ্যমান তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হলেও এটি গণতন্ত্রের পরিপন্থী। প্রতিবেদনটি উপস্থাপনের পর তা বিল আকারে উত্থাপনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। ৪০ পৃষ্ঠার এ প্রতিবেদনটির মুদ্রিত কপির সংখ্যা এক হাজার। প্রতিবেদন উপস্থাপনের সময় সাংসদেরা টেবিল চাপড়ে স্বাগত জানান। তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।কমিটির সদস্য রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু প্রতিবেদনে উত্থাপিত কিছু সুপারিশের ব্যাপারে ভিন্নমত পোষণ করেন। বিশেষ কমিটিতে উপস্থিত হয়ে মতামত দেওয়া বিশেষজ্ঞ ব্যক্তি ও রাজনৈতিক দলের নাম প্রতিবেদনে সন্নিবেশ করা হয়েছে। প্রতিবেদনের শুরুতে সাজেদা চৌধুরীর বক্তব্যে বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্ট বেশ কয়েকটি সংবিধান সংশোধনী বাতিল করে রায় দেওয়ায় সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আমরা আশা করেছিলাম, বিরোধী দল সংবিধান সংশোধনের উদ্যোগে সাড়া দেবে। কিন্তু তারা কমিটির বৈঠকে উপস্থিত হয়নি, এমনকি প্রতিনিধিও পাঠায়নি। জাতি এখনো আশা করে, বিরোধীদলীয় নেতা সংসদে উপস্থিত হয়ে সংবিধান সংশোধনের আলোচনায় অংশ নিয়ে সুষ্ঠু রাজনৈতিক ধারার বিকাশে অবদান রাখবেন।’রাষ্ট্রধর্ম ও ধর্মনিরপেক্ষতা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, স্বাধীনভাবে ধর্ম পালনে ধর্মনিরপেক্ষতা বাধা নয়। রাষ্ট্রধর্ম ইসলাম হলেও সব ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্ম পালনে যাতে রাষ্ট্রীয় সমান অধিকার পায়, সেদিকে লক্ষ রেখে কমিটি সুপারিশ প্রণয়ন করেছে। প্রতিবেদনে অবৈধভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ দেশে বিভিন্ন উপজাতিসহ অন্যান্য জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের নাগরিক রয়েছে। তাদের আঞ্চলিক, সংস্কৃতি, ঐতিহ্য, জীবনধারা ইত্যাদি সংরক্ষণ ও বিকশিত করার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। জাতির পিতার স্বীকৃতি সম্পর্কে বলা হয়েছে, জাতীয় মুক্তির আন্দোলন ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অবিস্মরণীয়। তাই কমিটির সদস্যরা জাতির জনকের অসামান্য অবদানের কথা সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন।