সরকারি ও বিরোধী দলসহ সব মহলকে সম্পৃক্ত করে মতৈক্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকেরা। তাঁরা মনে করেন, এ ধরনের উদ্যোগে বিরোধী দলেরও যেমন আসা উচিত, তেমনি তাদের আনতে সরকারি দলেরও উদ্যোগী হওয়া প্রয়োজন। তা না হলে এ গুরুত্বপূর্ণ কাজটি ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হতে পারে।গতকাল বুধবার সংসদ ভবনে সংবিধান সশোধনে গঠিত বিশেষ কমিটির কাছে বেশির ভাগ সম্পাদক এ মত দেন। তাঁরা বলেন, সংবিধান সংশোধনকে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক মতৈক্য জরুরি। একই সঙ্গে তাঁরা সংসদের আসনসংখ্যা বাড়ানো, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করা, সংসদে নারীদের আসনসংখ্যা বাড়ানো, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সাংসদদের স্বাধীনভাবে কথা বলার প্রস্তাবও করেন।বিশেষ কমিটির সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে টানা প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে দেশের ১৮টি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকেরা যোগ দেন।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাখার প্রস্তাব দেন একাধিক সম্পাদক। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন করার ব্যাপারে মত দেন প্রায় সবাই। যুক্তি হিসেবে তাঁরা বলেন, অধিবেশনে সাংসদদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিলে সংসদ আরও কার্যকর ও শক্তিশালী হবে। শুধু সংসদে অনাস্থা ভোট এবং অর্থ বিল পাসের ক্ষেত্রে এটি রহিত করা যেতে পারে। বৈঠক শেষে সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার সাংবাদিকদের বলেন, সংবিধান সংশোধনে সরকারি দলের উচিত বিরোধী দলের মতামত নেওয়া, বিরোধী দলেরও উচিত তাদের মতামত দেওয়া। সবার মতৈক্যের ভিত্তিতে কাজটি করতে পারলে ভালো হবে।নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, কমিটিতে তাদের (বিরোধী দল) আনার ব্যাপারে আরও চেষ্টা করা উচিত। আর তাদেরও এখানে এসে মতামত জানানো উচিত। তিনি মনে করেন, সংবিধান কমিশন গঠন করা হলে সংবিধান সংশোধন নিয়ে সব বিতর্কের অবসান হতে পারে।প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সংবিধান সংশোধনের এই প্রক্রিয়ার সঙ্গে বিরোধী দলকে এখনো যুক্ত করা যায়নি। কিন্তু তাদের সঙ্গে না নিয়ে সংবিধান সংশোধন করা হলে বিভেদ থেকেই যাবে। এতে ভবিষ্যতে সংবিধান সংশোধনের এ কাজটি প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই বিরোধী দলকে এ কাজে সম্পৃক্ত করতে বিশেষ কমিটি আবারও উদ্যোগ নিতে পারে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বিশেষ কমিটির কাছে মত দিয়েছেন, অবৈধভাবে ক্ষমতা দখলদারদের দেশদ্রোহের অপরাধে বিচার করার বিধান সংবিধানে রাখা প্রয়োজন, যাতে কেউ অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলের সাহস না পায়। তিনি বলেন, রাজনীতিবিদদের পারস্পরিক অবিশ্বাসের কারণেই তত্ত্বাবধায়ক সরকার এসেছে। এটি এখনই বাদ দেওয়া যাবে না, তবে এর মেয়াদ ৯০ দিনে বেঁধে দেওয়া যায়। নির্বাচন কমিশনকে আরও স্বাধীন ও শক্তিশালী করার প্রস্তাব করেন তিনি।মাহফুজ আনাম সংসদ বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য সংবিধানে সংশোধনী আনার প্রস্তাব করে বলেন, টানা ৯০ কার্যদিবস অনুপস্থিতির বদলে ৯০ দিন অনুপস্থিত থাকলেই সংসদ সদস্যপদ খারিজ হওয়ার বিধান করা যায়। মানবজমিন-এর সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, সরকার ও বিরোধী দলসহ সবার সঙ্গে আলোচনা করে বিশেষ কমিটি সংবিধান সংশোধনের প্রস্তাবনা তৈরি করতে পারলে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হবে। তিনি সংবিধানে ক্ষমতার জবরদখলকারীদের শাস্তির বিধান নির্ধারিত করার প্রস্তাব করেন।আমাদের সময়-এর সম্পাদক নাইমুল ইসলাম খানও সংবিধান সংশোধনের সঙ্গে বিরোধী দলকে সম্পৃক্ত করার পক্ষে মত দেন। এ ব্যাপারে সরকারকেই উদ্যোগ নিতে হবে বলে মনে করেন তিনি। বিশেষ কমিটিকে আরও সময় নিয়ে সবার মতৈক্যের ভিত্তিতে সংশোধনী প্রস্তাবটি চূড়ান্ত করার পরামর্শ দেন তিনি।জানা গেছে, আলোচনার একপর্যায়ে কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী ও সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, প্রধান বিরোধী দলকে সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনায় রাজি করাতে বিশেষ কমিটি ব্যর্থ হয়েছে। এ ক্ষেত্রে সম্পাদকেরাও ভূমিকা রাখতে পারেন।পরে কমিটির আরেক সদস্য তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বৈঠকে বেশ কয়েকজন সম্পাদক বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধনের কাজটি করার পরামর্শ দিয়েছেন। এটি ভালো প্রস্তাব। কিন্তু বিএনপিকে সংবিধান সংশোধনের কাজে সম্পৃক্ত করতে ইতিমধ্যে কয়েক দফা চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘কমিটিতে না এলেও সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উপস্থাপনের পর তাঁরা আলোচনা করবেন বলে আশা করি।’বৈঠক শেষে কালের কণ্ঠ-এর সম্পাদক আবেদ খান সাংবাদিকদের বলেন, বিরোধী দলেরও বিশেষ কমিটিতে এসে মতামত রাখা উচিত। একই সঙ্গে তিনি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের বিরুদ্ধে সংবিধানে সুনির্দিষ্ট ধারা সংযোজনের প্রস্তাব দেন।জানা গেছে, বেশির ভাগ সম্পাদকই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার পক্ষে মত দেন। একই সঙ্গে জাতীয় ঐক্য সুদৃঢ় এবং সংসদকে আরও কার্যকর করার প্রস্তাব দেন তাঁরা। বৈঠকে রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি বাদ দেওয়ার পক্ষে বেশি মত আসে।তবে ডেইলি সান-এর সম্পাদক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা গণতন্ত্রের পরিপন্থী। এ পদ্ধতি না থাকাই ভালো। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করা যেতে পারে। তিনি সংবিধানের শিরোনামে থাকা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’-এর পরিবর্তে ‘গণতন্ত্রী বাংলাদেশ’ রাখার প্রস্তাব করেন।জনকণ্ঠ-এর সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ বলেন, সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের চরম শাস্তির বিধান রাখা উচিত। নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির রাষ্ট্রধর্ম প্রসঙ্গে বলেন, রাষ্ট্রের কোনো ধর্ম ও জাতীয়তা থাকতে পারে না। এটাকে নাগরিক রাষ্ট্রে পরিণত করা দরকার। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংসদীয় গণতন্ত্রের জন্য অপমানজনক। তবে এ অপমানের দায় জনগণের নয়; রাজনীতিবিদদের। সংবিধানের মৌলিক পরিবর্তনে গণভোটের আয়োজন করার পক্ষেও মত দেন তিনি।আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান বর্তমান সংসদ ভেঙে দিয়ে গণপরিষদ গঠন করে সংবিধান সংশোধন করার প্রস্তাব দেন। তিনি বলেন, সংবিধানের এ ধরনের মৌলিক পরিবর্তনের জন্য গণভোট লাগবে।তবে বিশেষ কমিটির সদস্য তোফায়েল আহমেদ বলেন, কোনো সংশোধনীর জন্য গণভোট ও গণপরিষদ গঠিত হয়নি। এ ধরনের দাবি অযৌক্তিক।এ ছাড়া বৈঠকে যুগান্তর-এর সম্পাদক সালমা ইসলাম, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক শাহজাহান সরদার, নয়াদিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত ও দৈনিক খবর-এর সম্পাদক মিজানুর রহমান যোগ দেন।