সংবিধান সংশোধনে বিরোধী দলের যুক্ত হওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পিকার আবদুল হামিদ বলেছেন, সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটির আহ্বানে বিরোধী দলের আলোচনায় অংশ নেওয়া উচিত এবং এ ব্যাপারে তাদের মতামতও দেওয়া উচিত। তিনি বলেন, কেউ যাতে সংবিধানের মৌলিক বিষয়ে পরিবর্তন আনতে না পারে, সে জন্য সুপ্রিম কোর্টকে অভিভাবক হিসেবে রাখা হয়েছে। ইচ্ছে করলেই সংবিধানের মৌলিক বিষয়ে পরিবর্তন আনা যায় না। আনলে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ দিতে পারবেন। সুপ্রিম কোর্ট নির্দেশনা দিয়েছেন বলেই সংসদ সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে।স্পিকার বলেন, ‘কারও মুখের দিকে তাকিয়ে আমি সংসদ চালাই না। আমি কট্টর আওয়ামী লীগার কিন্তু স্পিকারের আসনে বসে এক শ ভাগ নিরপেক্ষ।’গতকাল শনিবার দুপুরে প্রথম আলোর কার্যালয়ে সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্পিকার এ কথা বলেন। প্রায় দুই ঘণ্টার খোলামেলা আলোচনায় স্পিকার আবদুল হামিদ দেশের সাম্প্রতিক রাজনীতি, সংসদ ও গণমাধ্যম সম্পর্কে বক্তব্য দেন। আটবারের নির্বাচিত সাংসদ স্পিকার আবদুল হামিদ বলেন, এখন সাংসদদের বেশির ভাগই ব্যবসায়ী। ’৭০ সালে ৫১ ভাগ সাংসদ আইনজীবী ছিলেন। এবারের সংসদে এ সংখ্যা ১১ শতাংশ। ভবিষ্যতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বিজিবি-র্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শকেরা রাজনীতিতে আসতে শুরু করবেন। সাংসদ হিসেবে তখন আর হয়তো কোনো আইনজীবীকে পাওয়া যাবে না। ভুলভাবে আইন প্রণীত হলে তা শুদ্ধ করার জন্য আলাদাভাবে আইনজীবীদের একটি প্যানেল নিয়োগ দিতে হবে। বিরোধী দলের মুলতবি প্রস্তাব সম্পর্কে স্পিকার বলেন, বিরোধী দল নিয়মিত সংসদে এলে প্রতি অধিবেশনেই জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা করা হবে। ছোট অধিবেশন হলে একটি, আর বড় অধিবেশন হলে বিরোধী দলের দুটি মুলতবি প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে। কিন্তু বিরোধী দল মুলতবি প্রস্তাব দিয়ে সংসদে আসে না। প্রস্তাবকারী না এলে আলোচনা হবে কীভাবে? তিনি বলেন, ‘আমি নিজেও মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় খুবই আগ্রহী। এ বিধির প্রস্তাব নিয়ে আলোচনা করার ইচ্ছা আমার আছে। কিন্তু তাদের সংসদে থাকতে হবে।’আবদুল হামিদ বলেন, ‘আমি মনে করি, সরকারের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার জন্য সংসদে বিরোধী দলকে বেশি সুযোগ দিতে হবে। কেননা, তারা সরকারের সঙ্গে কথা বলার ততটা সুযোগ পায় না। সে জন্য প্রশ্নোত্তরসহ সব ক্ষেত্রে আমি তুলনামূলকভাবে বিরোধী দলকে বেশি সুযোগ দিয়ে থাকি। গত অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বিরোধী দলের প্রায় সবাইকে সুযোগ দিয়েছি। অন্যদিকে সরকারি দলের তিন শতাধিক সদস্যের মধ্যে ১৭০ থেকে ১৮০ জন সুযোগ পেয়েছেন।’সংসদীয় কমিটি: বর্তমানে বিরোধী দলের সদস্যরা নিয়মিত অধিবেশনে উপস্থিত না থাকলেও সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা নিয়মিত অংশ নিচ্ছেন। ৯০ থেকে ৯৫ ভাগ ক্ষেত্রেই সরকারি ও বিরোধী দলের সদস্যরা মতৈক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এটি ইতিবাচক। তবে প্রায়ই দেখা যায়, মন্ত্রণালয়ের সঙ্গে কমিটির ভুল বোঝাবুঝি হচ্ছে। কমিটিগুলো মনে করছে, মন্ত্রণালয় তাদের সুপারিশ বাস্তবায়নে আগ্রহী নয়। আবার মন্ত্রণালয় ভাবছে, কমিটিগুলো যেসব বিষয় নিয়ে আলোচনা করছে, তা তাদের নিজস্ব বিষয়। ফলে কিছু ক্ষেত্রে কমিটির সঙ্গে মন্ত্রণালয়ের দূরত্ব বাড়ছে।আবদুল হামিদ বলেন, ব্যক্তিগত স্বার্থ জড়িত এমন কাউকে সংশ্লিষ্ট কমিটিতে রাখা বিধিসম্মত না হলেও সব ক্ষেত্রে তা মানা সম্ভব হয়নি। অনেক কমিটিতে এখনো এ ধরনের সদস্য আছেন। কারণ বেশি বাছলে কমিটি গঠনই সম্ভব হবে না। গণমাধ্যম প্রসঙ্গ: স্পিকার বলেন, স্বাধীনতার ৪০ বছরে গণতন্ত্রের অগ্রযাত্রা যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয়নি। কারণ গণতন্ত্রের যাত্রার পথ বারবার রুদ্ধ হয়েছে। চর্চার মাধ্যমেই গণতন্ত্রের ভিত মজবুত হয়। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে। রাজনৈতিক দলের পাশাপাশি অন্যদেরও গণতন্ত্র চর্চা করতে হবে। কেননা, দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য অব্যাহত গণতন্ত্র অপরিহার্য। এ জন্য সংসদকে কার্যকর করতে হবে। সংসদ যা করে তা জনগণকে জানাতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণমাধ্যম যদি সংসদের কার্যক্রম মানুষের সামনে তুলে না ধরে, তাহলে সংসদ চালিয়ে লাভ কী? তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সংবাদপত্রের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। এমনকি আমার নিজের বিরুদ্ধে সমালোচনা হলেও।’আবদুল হামিদ জানান, প্রথম আলো, ডেইলি স্টারসহ কিছু পত্রিকা অষ্টম সংসদের দুর্নীতির কিছু চিত্র তুলে ধরেছে। এর ফলে ভবিষ্যতে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। দুর্নীতি রোধে তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন এবং শতভাগ না হলেও অনেকটা সাফল্য এসেছে বলে মনে করেন স্পিকার। সাংসদদের গাড়ি এবং বিভিন্ন কেনাকাটাসহ সংসদের ব্যয় সংকোচনে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন তিনি।সংসদ পরিচালনা: আবদুল হামিদ বলেন, ‘অনেকে মনে করেন, স্পিকার সংসদ নেতার অঙ্গুলি হেলনে সংসদ পরিচালনা করেন। কিন্তু বিষয়টি তা না। আমি আমার নিজের মতো করেই সংসদ চালাই। নিজস্ব সত্তা নিয়ে কাজ করতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু দলবদল করব না।’বিগত তত্ত্বাবধায়ক সরকারের কথা উল্লেখ করে স্পিকার বলেন, ‘আমি গণতন্ত্রের পক্ষে। এখন অনেকেই বড় বড় কথা বলেন। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনার মুক্তির জন্য সই দিতেও অনেকে রাজি হননি।’স্পিকার বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার রাজনীতিবিদদের ওপর অনেক নির্যাতন করেছে, ভয়ভীতি দেখিয়েছে। এটা অন্যায়।রাজনৈতিক নেতাদের নৈতিকতা প্রসঙ্গে স্পিকার বলেন, ‘যিনি একবার আওয়ামী লীগ করেন, তিনি পরে কীভাবে বিএনপি করেন, এটা আমি বুঝি না। কিছু নেতা আছেন যাঁরা শেখ হাসিনাকে সালাম করার সময় খালেদা জিয়ার সমালোচনা করেন। আবার একই ব্যক্তি খালেদা জিয়াকে সালাম করার সময় শেখ হাসিনার সমালোচনা করেন।’মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাকে উন্নত করার ক্ষেত্রে স্পিকারের প্রচেষ্টার সঙ্গে প্রথম আলো সহযোগিতা করবে। আমরা চাই রাজনীতিতে স্থিতিশীলতা আসুক। কেননা, গণতন্ত্র যত দুর্বলই হোক, তার চেয়ে ভালো বিকল্প কোনো ব্যবস্থা থাকতে পারে না। তাই সংসদের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদেরও নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তনে আমরা বিশ্বাস করি।’মতবিনিময় সভায় প্রথম আলোর সম্পাদকীয়, বার্তা ও ফিচার বিভাগের জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।