সংবিধান সংশোধনে বিরোধীদলীয় নেতার পরামর্শ নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের ব্যাপারে বিরোধীদলীয় নেতার মতামত নেবে বিশেষ সংসদীয় কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। ২৬ এপ্রিল বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময়ের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।তবে আমন্ত্রণ পেলে বিরোধীদলীয় নেতা এ মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। গত ১১, ১২ ও ১৩ এপ্রিল সংবিধান সংশোধনে গঠিত বিশেষ সংসদীয় কমিটি সংবিধান সংশোধন সম্পর্কে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এ বৈঠক সম্পর্কে গতকাল শুক্রবার বিশেষ সংসদীয় কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু প্রথম আলোকে জানান, কমিটি সংবিধান বিশেষজ্ঞ ও মুক্তিযুদ্ধের চেতনার অনুসারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও মতবিনিময় করবে। এ দুটি পক্ষের সঙ্গে মতবিনিময় সভা হতে পারে ২৪ ও ২৫ এপ্রিল। এ ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শে বিরোধীদলীয় নেতার সঙ্গেও মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।কমিটি সূত্র জানিয়েছে, সংবিধান বিশেষজ্ঞ হিসেবে বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন, সদস্য আমীর-উল ইসলাম, মাহমুদুল ইসলাম, টি এইচ খান, রফিক-উল হকসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞের মতামত নেওয়া হবে। এ ছাড়া সংসদে প্রতিনিধিত্বকারী দল এবং সংসদে প্রতিনিধিত্ব না থাকলেও মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলোর সঙ্গে মতবিনিময় করা হবে। তবে জামায়াতে ইসলামীকে এ বিষয়ে মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে কি না, তা স্পষ্ট করে কেউ বলছেন না। চলতি সপ্তাহের যেকোনো সময় কমিটির পক্ষ থেকে বেগম খালেদা জিয়া, বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর কাছে আমন্ত্রণপত্র পাঠানো হবে। এর মধ্যে বেগম খালেদা জিয়াকে তাঁর আইনবিশারদদের সঙ্গে নিয়ে সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে। সভাটি হতে পারে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার নিজস্ব দপ্তরে।প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে আবদুল মতিন খসরু বলেন, কমিটি তাদের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছে। কমিটির সিংহভাগ প্রস্তাবের সঙ্গে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে স্বচ্ছ থাকার জন্য কমিটিকে পরামর্শ দিয়েছেন। সে জন্যই বিরোধীদলীয় নেতা, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ কমিটির এ সিদ্ধান্ত সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘কমিটির সিদ্ধান্ত সম্পর্কে আমরা কিছুই জানি না। এ বিষয়ে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও আমরা মনে করি, সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি অবৈধ। কারণ, নিয়ম অনুযায়ী সরকার খসড়া আইন তৈরি করবে। এরপর সেটা মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের পর সংসদে উত্থাপিত হবে। সংসদ সেই খসড়া আইন যাচাই-বাছাইয়ের জন্য কমিটিতে পাঠাবে। কিন্তু এখানে আগেই কমিটি গঠন করে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এ কমিটি অবৈধ।’প্রসঙ্গত, গত বছরের ২১ জুলাই সংবিধান সংশোধনের জন্য ১৫ সদস্যের কমিটি করা হয়। সংসদের পক্ষ থেকে এই কমিটির জন্য প্রধান বিরোধী দল বিএনপির একজনকে সদস্য করার প্রস্তাব করা হয়। কিন্তু বিএনপি এ প্রস্তাব নাকচ করে কমিটিতে তাদের একাধিক সদস্য রাখার দাবি জানায়। পরে সরকারি দলকে বিএনপির জন্য দুটি পদ দেওয়া হবে বললেও বিরোধী দল এতে সাড়া দেয়নি। এ অবস্থায় সম্প্রতি বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা ফিরে পাবেন: সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে কমিটির বৈঠকে সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে। উল্লেখযোগ্য হলো: এক, সংবিধানের ৯৩ অনুচ্ছেদ সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা ফিরিয়ে দেওয়া। সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় বর্তমানে রাষ্ট্রপতির এই ক্ষমতা নেই। দুই, তত্ত্বাবধায়ক সরকারের সর্বোচ্চ মেয়াদ হবে ৯০ দিন। তিন, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা থাকবেন। চার, পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের যে বিধান করা হয়েছিল, তা আর থাকবে না। ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে এ ক্ষমতা বাহাত্তরের আদলে সংসদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এতে বলা আছে, অসামর্থ্য বা অসদাচরণের কারণে সংসদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে এবং রাষ্ট্রপতির আদেশে বিচারপতিদের অপসারণ করা যাবে।পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় বর্তমানে অবসরপ্রাপ্ত বিচারপতিদের সরকারের লাভজনক পদে নিয়োগ পাওয়ার কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে কমিটি পঞ্চম সংশোধনীতে বাতিল হওয়া ৯৯ অনুচ্ছেদ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এটা করা হলে অবসরপ্রাপ্ত বিচারপতিদের জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার সুযোগ বহাল হবে।পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় ১১৬ অনুচ্ছেদে সংবিধানের চতুর্থ সংশোধনী ফিরে এসেছে। এতে বলা হয়েছে, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকবে। কমিটি এই অনুচ্ছেদটিকে বাহাত্তরে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে বলা আছে, নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব বিচার বিভাগের কাছে ন্যস্ত থাকবে। সদস্যদের কেউ কেউ কোনো সাংসদের সংসদে টানা ৯০ বৈঠক অনুপস্থিত থাকা সংক্রান্ত বিধান (অনুচ্ছেদ ৬৭) বাতিলের সুপারিশ করলেও প্রধানমন্ত্রী এতে সায় দেননি বলে কমিটি সূত্র জানিয়েছে। সাংসদদের ভোটাধিকারসংক্রান্ত ৭০ অনুচ্ছেদের চতুর্থ সংশোধনীর অংশটুকু বাতিল করে বিধানটিকে কিছুটা শিথিল করা হবে বলেও কমিটি সূত্র জানিয়েছে। তবে এই অনুচ্ছেদের দ্বাদশ সংশোধনী বহাল থাকবে। বাহাত্তরের সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য দল থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলে তাঁর সদস্যপদ বাতিল হবে। এরপর চতুর্থ সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়, কোনো সদস্য দলের নির্দেশ অমান্য করে সংসদের কোনো বৈঠকে অনুপস্থিত থাকলে বা সংসদে উপস্থিত থেকে ভোটদানে বিরত থাকলে তা দলের বিপক্ষে ভোট দেওয়া হয়েছে বলে গণ্য হবে।কমিটি থেকে আগেই জানানো হয়েছে, সংবিধান সংশোধনের জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকা হবে। এ বিষয়ে গতকাল সংসদের চিফ হুইপ আবদুস শহীদ প্রথম আলোকে জানান, সংবিধান সংশোধন বিষয়ে অধিবেশন ডাকার ব্যাপারে এখনো কোনো আলোচনা হয়নি। তবে বিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন ডাকতে হবে। সে ক্ষেত্রে আগামী ২৩ মের মধ্যে অধিবেশন ডাকা হবে।