সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুচ্ছেদ অনুসারে এই কমিটি গঠনের প্রস্তাব করেন। প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয়। দেশের সংসদীয় ইতিহাসে সংবিধান সংশোধনে এ ধরনের কমিটি গঠন এটাই প্রথম।১৫ সদস্যের এ কমিটির চেয়ারপারসন করা হয়েছে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে। কো-চেয়ারম্যান হয়েছেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। কমিটির অন্য সদস্যরা হলেন: আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, রহমত আলী, আবদুল মতিন খসরু, শিরীন শারমিন চৌধুরী, ফজলে রাব্বী মিয়া, হাছান মাহমুদ, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ও জাসদের হাসানুল হক ইনু। প্রধানমন্ত্রীর প্রস্তাব কণ্ঠভোটে পাস হওয়ার পর উপস্থিত সাংসদেরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।কমিটি গঠনের প্রস্তাব করে প্রধানমন্ত্রী বলেন, আর কোনো অবৈধ ক্ষমতা দখলকারী যেন জনগণের বুকের ওপর জগদ্দল পাথরের মতো চেপে বসতে না পারে, সে জন্য সংবিধান সংশোধন প্রয়োজন।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সময় প্রধান বিরোধী দল বিএনপি এবং তার দুই শরিক জামায়াতে ইসলামী ও বিজেপির সদস্যরা উপস্থিত ছিলেন না। সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনের পর আর তাঁরা সংসদে ফেরেননি। সংসদের এ বিশেষ কমিটির জন্য বিরোধী দলের কাছে নাম চাওয়া হলেও তারা নাম দেয়নি। বিএনপি মঙ্গলবার রাতে বৈঠক করে ওই কমিটিতে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছে। বিএনপির নেতারা জানান, তাঁরা সংবিধান সংশোধনের ব্যাপারে পরিষ্কার ধারণা পেতে সরকারকে পাল্টা চিঠি দেবেন।সংবিধান সংশোধনে ‘বিশেষ কমিটি’ গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুসারেই সংবিধান সংশোধনে সংসদে এ বিশেষ কমিটি করা হচ্ছে। কমিটি এ বিষয়ে প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করবে। এরপর কমিটি আলোচনা করে সংসদে প্রতিবেদন দেবে।শেখ হাসিনা বলেন, ‘আমরা জনগণের ক্ষমতা জনগণের হাতে রাখতে চাই, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই এবং গণতন্ত্রকে সুসংহত রাখতে চাই। এ জন্য সামরিক ফরমান জারি করে সংবিধানের যে সংশোধন করা হয়েছিল, তার সংশোধন প্রয়োজন। হাইকোর্টের রায়ের প্রতি সম্মান দেখিয়ে এই সংশোধন প্রয়োজন।’সংসদ নেতা বলেন, ১৯৭২ সালের ৪ নভেম্বর এই সংবিধান গৃহীত হয়। কীভাবে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পরিচালিত হবে, সে জন্যই এই সংবিধান। এই সংবিধানে জনগণের অধিকারকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি বলেন, পঁচাত্তরে জাতির জনককে হত্যার পর সংবিধানকে ক্ষত-বিক্ষত করা হয়েছে। সামরিক অধ্যাদেশ বা ফরমান দিয়ে সংবিধানকে পরিবর্তন করা হয়।প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরের ২০ আগস্ট সামরিক ফরমান জারি করা হয়। সেই বছরের ৮ নভেম্বর সামরিক আইন জারি করা হয় এবং ’৭৭ সালের ২২ এপ্রিল জিয়াউর রহমান তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে দিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেন।শেখ হাসিনা বলেন, ‘আর্মি অ্যাক্টের ২৯২ ও ২৯৩-এ মার্শাল ল-এর কথা ছিল না। কিন্তু বার বার এ দেশে তাই হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘জনপ্রতিনিধিদের করা সংবিধান কীভাবে সামরিক ফরমান দিয়ে সংশোধন করা যায়? দেরিতে হলেও সেই অন্যায় মুছে ফেলার সুযোগ এসেছে।’প্রধানমন্ত্রী বলেন, ২০০৫ সালে হাইকোর্ট ঐতিহাসিক রায় দিয়েছেন। এতে বলা হয়েছে, ‘মার্শাল ল’ জারি করে ক্ষমতা দখল অবৈধ। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। এ অঞ্চলসহ পৃথিবীর যেসব দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে, সেখানেই উন্নতি হয়েছে। আর যেসব দেশে বারবার সেনাশাসন এসেছে, তারাই পিছিয়ে পড়েছে।