সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সন্ধ্যা পৌনে সাতটায় কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে এ বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সংবিধান সংশোধনে এ ধরনের বিশেষ কমিটি গঠন এটাই প্রথম।প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ১৫ সদস্যের এ কমিটির চেয়ারপারসন করা হয়েছে সংসদ উপনেতা সাজেদা চৌধুরীকে ও কো-চেয়ারম্যান করা হয়েছে সুরঞ্জিত সেনগুপ্তকে। কমিটির অন্য সদস্যরা হলেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, আবদুর রাজ্জাক, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল মতিন খসরু, রহমত আলী, শিরিন শারমীন চৌধুরী, ফজলে রাব্বী মিয়া, হাছান মাহমুদ, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং জাসদের হাসানুল হক ইনু।কমিটি গঠনের প্রস্তাব করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের বুকে যাতে জগদ্দল পাথর আর চেপে বসতে না পারে সেজন্যই সংবিধান সংশোধন প্রয়োজন।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ সময় প্রধান বিরোধী দল বিএনপি এবং তার দুই শরিক দল জামায়াতে ইসলামী ও বিজেপির সদস্যরা অনুপস্থিত ছিলেন। সংসদের চলতি অধিবেশনের প্রথম দিনের পর আর তাঁরা সংসদে ফেরেননি। সংসদের এ বিশেষ কমিটির জন্য বিরোধী দলের কাছে নাম চাওয়া হলেও তাঁরা নাম দেননি।কমিটি গঠনের প্রস্তাবকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুসারেই সংবিধান সংশোধনে সংসদে এ বিশেষ কমিটি করা হচ্ছে। কমিটি এ বিষয়ে প্রয়োজনে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সংবিধান সংশোধনের প্রস্তাবনা চূড়ান্ত করবে। এরপর তারা আলোচনা করে সংসদে প্রতিবেদন দেবে।প্রধানমন্ত্রী বলেন, সামরিক ফরমান জারি করে দফায় দফায় সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। সংসদের কোনো তোয়াক্কা করা হয়নি। সেই কারণেই সংবিধান সংশোধন করা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।