সংবিধান সংশোধনে সংসদের কর্তৃত্ব থাকতে হবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের ক্ষেত্রে সংসদের কর্তৃত্ব থাকা উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, ‘সংবিধান সংশোধন নিয়ে ভিন্ন মত আছে। কেউ বলেন সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে আদালতের রায় প্রতিস্থাপন করে নতুন সংবিধান ছাপিয়ে দিলেই চলে। তবে আমরা মনে করি, এ ব্যাপারে সংসদের কর্তৃত্ব থাকতে হবে। এ কর্তৃত্ব আদালতকে দিলে গণতন্ত্র ব্যাহত হতে পারে।’আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ওয়ার্কার্স পার্টির কনভেনশনে তিনি এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারে কমিটি করা হয়েছে। কমিটির পূর্ণাঙ্গ মত পেলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, অতীতে অনেকবারই সংবিধান সংশোধন হয়েছে। তবে তা মঙ্গল বয়ে আনেনি। তিনি বিগত জোট সরকারের আমলে বিচারপতিদের চাকরির বয়স বাড়ানোর বিষয়ে সংবিধান সংশোধনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, এর পরিণতি হয়েছিল করুণ। এ প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার যুদ্ধাপরাধের বিচার করতে বদ্ধপরিকর। জাতীয় জীবনে অন্য সংকটের সঙ্গে যুদ্ধাপরাধের বিচারকে যাঁরা জড়িয়ে ফেলেন তাঁদের উদ্দেশে তিনি বলেন, এদের একটির সঙ্গে অন্যটির সম্পর্ক নেই। তিনি আরও বলেন, অনেক দিন পর যুদ্ধাপরাধের বিচার করার সুযোগ এসেছে। এ সুযোগ হাতছাড়া করা ঠিক নয়। হাতছাড়া করলে আর কখনো হয়তো এ সুযোগ পাওয়া যাবে না। সরকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, যানজট সমস্যা—সব কিছুরই সমাধান করবে বলে তিনি সবাইকে আশ্বস্ত করেন।