সংবিধান সংশোধনে সংসদের কর্তৃত্ব নিয়ে বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে সংসদের কর্তৃত্ব নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত আপিল বিভাগের রায়ের পর সরকার সংবিধান সংশোধনে বিশেষ সংসদীয় কমিটি গঠন করে। কিন্তু এ নিয়ে আইন মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির অবস্থান পরস্পরবিরোধী হওয়ায় জটিলতা বাড়ছে।প্রধান বিচারপতি, আইনমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল ও বিশেষজ্ঞ আইনজীবীসহ অনেকেই বলছেন, সুপ্রিম কোর্টের রায়ের পর সংবিধান সংশোধনের জন্য সংসদের প্রয়োজন নেই। সর্বোচ্চ আদালতের রায়ের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো স্বয়ংক্রিয়ভাবেই প্রতিস্থাপিত হয়েছে। এখন শুধু সংবিধান পুনর্মুদ্রণ করতে হবে।অন্যদিকে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির মত হলো, সংসদ ছাড়া অন্য কারও সংবিধান সংশোধনের এখতিয়ার নেই। সরাসরি গেজেট প্রকাশ করা হলে পরে তা আদালতে চ্যালেঞ্জ করার অবকাশ থাকবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনও কমিটির মতকে সমর্থন করেছেন। গতকাল তাঁরা পৃথক অনুষ্ঠানে বলেন, এ ক্ষেত্রে সংসদের বাইরে যাওয়ার সুযোগ নেই।সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ বছরের ২ ফেব্রুয়ারি পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখে রায় ঘোষণা করেন। এরপর গত ২৭ জুলাই রায়ে সই করেন বিচারকেরা। পরদিনই বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন এক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেছিলেন, দেশের সর্বোচ্চ আদালত রায় দেওয়ার সঙ্গে সঙ্গেই সংবিধানের সংশ্লিষ্ট সংশোধন হয়ে গেছে। এখন সরকার এ ব্যাপারে একটি গেজেট প্রকাশ করতে পারে। আর এ ক্ষেত্রে যদি কোনো সংশয় থাকে, কিংবা কোনো ব্যাখ্যার প্রয়োজন হয়, তাহলে সরকার অ্যাটর্নি জেনারেল ও বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের ব্যাখ্যা নিতে পারে।সংবিধান সংশোধনে সরকারের গঠিত কমিটি প্রথম বৈঠক করে গত ২৯ জুলাই। ওই দিন কমিটি থেকে আদালতের রায়ের ব্যাপারে আইন মন্ত্রণালয় ও আইন কমিশনের মতামত চাওয়া হয়। একই সঙ্গে মতামত দেওয়ার জন্য সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তাদের নিয়েও একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়, সর্বোচ্চ আদালতের রায়ের পর সংসদে সংবিধান সংশোধনের কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আইন কমিশন ও সংসদের আইন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, সংসদ ছাড়া এ ক্ষমতা অন্য কারও নেই।সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর শপথ গ্রহণ শেষে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাংবাদিকদের বলেন, সর্বোচ্চ আদালতের রায়ের সঙ্গে সঙ্গে মূল সংবিধানের অনুচ্ছেদগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হয়ে গেছে। তিনি সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রতিস্থাপিত সংশ্লিষ্ট দফাগুলোসহ সংবিধানটি পুনর্মুদ্রণ করতে সরকারের আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।প্রধান বিচারপতির এ বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে গতকাল আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, কমিটি যদি সংবিধান সংশোধন করে, তাহলে ধরে নিতে হবে আদালতের রায় ঘোষণার পরও পঞ্চম সংশোধনী বহাল রয়েছে। সে ক্ষেত্রে সংবিধান সংশোধন করার এখতিয়ার কমিটির নেই। কমিটি যদি আদালতের নির্দেশনা মোতাবেক সংবিধানের প্রস্তাবনাসহ সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলো সংশোধন করতে চায়, সে ক্ষেত্রে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী গণভোটের প্রয়োজন হবে। এর মাধ্যমে আরও প্রমাণিত হবে যে কমিটি আদালতের রায় অমান্য করেছে।আইনমন্ত্রী আরও বলেন, আদালত বলেছেন, ‘সংবিধানের এই ধারাগুলো পুনঃস্থাপিত হলো। এর মানে হলো, এগুলো পুনঃস্থাপিত হয়ে গেছে। এটা নিয়ে কমিটির কোনো কাজ নেই। এ অবস্থায় আমি মনে করি, গেজেট করার প্রয়োজন নেই। আদালতের নির্দেশনার কথা উল্লেখ করে পঞ্চম সংশোধনীতে বাতিল হওয়া অনুচ্ছেদগুলো প্রতিস্থাপিত করে সংবিধান পুনর্মুদ্রণ করলেই চলবে।’জানা গেছে, সংবিধান সংশোধন কমিটির চেয়ারপারসন সাজেদা চৌধুরীর নেতৃত্বে কমিটি এরই মধ্যে একাধিক বৈঠক করলেও এই বিতর্কের ব্যাপারে এখনো কোনো সমাধানে আসতে পারেনি তারা। তবে কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত শুরু থেকেই বলে আসছেন, সংসদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন সম্ভব নয়।সূত্র জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ সচিবালয়ের আইন কর্মকর্তাদের কাছে জানতে চান, রায় ঘোষণার পর বর্তমানে কোন সংবিধান বহাল রয়েছে। এখন সংবিধানে কি পঞ্চম সংশোধনী বহাল আছে, নাকি বাতিল হয়ে গেছে? আইন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর এ প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।গত ২৩ সেপ্টেম্বর বিশেষজ্ঞ আইনজীবীদের সঙ্গে কমিটির বৈঠক হয়। সেখানে অধিকাংশ আইনজীবীই আইন মন্ত্রণালয়ের মতামতকে সমর্থন জানান। তবে কমিটির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, সংসদকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করা হলে গেজেট করবে কে? মন্ত্রণালয় গেজেট করার জন্য পাঠালে সরকারের ছাপাখানা তাতে আপত্তি জানাবে। কারণ, এ ক্ষেত্রে আইন কর্তৃপক্ষ হচ্ছে সংসদ।বিশিষ্ট আইনজীবী কামাল হোসেন, আমীর-উল ইসলাম ও বিচারপতি গোলাম রাব্বানী এ বিষয়ে বিভিন্ন সময়ে যে বক্তব্য দিয়েছেন, তাকে যথার্থ উল্লেখ করে আইনমন্ত্রী গতকাল প্রথম আলোকে বলেন, ‘সংবিধান এখনো ছাপা হয়নি, এটাই অবাক ব্যাপার।’ তিনি মনে করেন, দ্রুত ছাপা না হলে বিষয়টি আদালত অবমাননার শামিল বলে গণ্য হবে।গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সংবিধান সংশোধন নিয়ে ভিন্ন মত আছে। কেউ বলেন, সংবিধানের পঞ্চম সংশোধনীর বিষয়ে আদালতের রায় প্রতিস্থাপন করে নতুন সংবিধান ছাপিয়ে দিলেই চলে। তবে আমরা মনে করি, এ ব্যাপারে সংসদের কর্তৃত্ব থাকতে হবে। এ কর্তৃত্ব আদালতকে দিলে গণতন্ত্র ব্যাহত হতে পারে। সংবিধান সংশোধনের ব্যাপারে কমিটি করা হয়েছে। কমিটির পূর্ণাঙ্গ মত পেলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।’অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে গতকাল প্রথম আলোকে বলেন, সংসদের কাজ আইন প্রণয়ন করা। আদালতের কাজ বিচার করা। আদালত পঞ্চম সংশোধনীসংক্রান্ত রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ওই সংশোধনী বাতিল হয়ে গেছে। এ অবস্থায় সংবিধানের বিশেষ অনুচ্ছেদগুলো তো শূন্য থাকতে পারে না। সুতরাং, রায়ের পরই এটা স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হয়ে গেছে।বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন গতকাল জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেন, সংবিধান সংশোধন করার এখতিয়ার সংসদ ছাড়া অন্য কারও নেই। বিচারপতিরা শুধু সংবিধানের ব্যাখ্যা দিতে পারেন। তাই সংবিধানের পঞ্চম সংশোধনী নিয়ে নতুন প্রধান বিচারপতির বক্তব্য গ্রহণযোগ্য নয়।বিএনপির মহাসচিব আরও বলেন, সংবিধান প্রণয়ন কীভাবে হবে এবং কে প্রণয়ন করবে, এটা স্পষ্ট সংবিধানে উল্লেখ আছে। কারচুপিহীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সাংসদ ও জনপ্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, বিয়োজনের এখতিয়ার রাখেন না।সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে এখনো ভাবছি। ১২ অক্টোবর কমিটির বৈঠকে এ বিষয়ে একটি সুরাহা হবে বলে আশা করা যায়।’