সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠনের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠনের দাবি জানিয়েছেন। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি জানান। গোলটেবিলের শিরোনাম ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের ষড়যন্ত্র: বাস্তবতা ও করণীয়’।মির্জা ফখরুল বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন থাকলে এ ব্যাপারে সর্বদলীয় কমিটি গঠন করতে হবে। তিনি এ বিষয়ে উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, এককভাবে সংবিধানে কোনো মৌলিক পরিবর্তনের চিন্তা করলে সরকার ভুল করবে। সংবিধানের মতো একটি বিষয়ে কারও ব্যক্তিগত চাওয়া-পাওয়া প্রযোজ্য হতে পারে না। এমনটা হলে দেশবাসী তা প্রত্যাখ্যান তো করবেই, প্রতিরোধও করা হবে।মির্জা ফখরুল আরও বলেন, দেশের প্রয়োজনে সংবিধান সংশোধন করা হতেই পারে। বিএনপিও মনে করে, সংবিধানের কিছু বিষয় পরিবর্তন প্রয়োজন। তবে তা ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মাহাবুব হোসেন।