সংবিধান সংশোধনে সুপারিশ চূড়ান্ত, সংসদে উঠছে চলতি সপ্তাহেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পর্কে কমিটির সুপারিশ প্রতিবেদন চূড়ান্ত করেছে বিশেষ কমিটি। এই সুপারিশসংবলিত প্রতিবেদন আগামী ৮ জুনের মধ্যে জাতীয় সংসদে উত্থাপিত হবে।আজ রোববার জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির শেষ সভায় এ প্রতিবেদন চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কমিটির মুখপাত্র ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ তথ্য জানান।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বিশেষ কমিটি প্রতিবেদনটি চলতি সপ্তাহেই সংসদে পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আশা করছি, ৮ জুনের মধ্যে এটা উত্থাপন করা হবে। এরপর এ ব্যাপারে সংসদ সিদ্ধান্ত নেবে।’এক প্রশ্নের জবাবে সুরঞ্জিত সেন বলেন, ‘প্রতিবেদনের ওপর আলোচনা হবে না। পরে এটি বিল আকারে আসার পর আলোচনা হবে, সে ব্যাপারেও সংসদই সিদ্ধান্ত নেবে।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, ‘এ ব্যাপারে কমিটি কোনো সুপারিশ করেনি। এটা সংসদের ওপর ছেড়ে দিয়েছি।’ এর আগে তিনি বলেন, ‘এটি ছিল বিশেষ কমিটির শেষ সভা। আর এ কমিটির মুখপাত্র হিসেবে এটিই আমার শেষ সংবাদ সম্মেলন।’কমিটির অন্য একটি সূত্র জানিয়েছে, চূড়ান্ত এই প্রতিবেদনে মোট ৫১টি সুপারিশ করেছে বিশেষ কমিটি। এ ছাড়া সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম, রাষ্ট্রধর্ম ইসলাম ও ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রাখায় প্রতিবেদনে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন বিশেষ কমিটির দুই বামপন্থী সদস্য রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু।এ প্রসঙ্গে মেনন বলেন, ‘ওই তিনটি বিষয় সংবিধানে থাকলে রাষ্ট্রীয় রাজনীতিতে ধর্ম প্রধান বিষয় হিসেবে চলে আসবে। এর ফলে ৭২’র সংবিধানের মূল চেতনা থেকে দেশ অনেক দূরে সরে যাবে। আর জিয়া-এরশাদ যা করে গেছেন, তার বৈধতা দেওয়া হবে। এ কারণেই আমরা আমাদের ভিন্নমত জানিয়েছে। সুপারিশের মধ্যে এটা লিপিবদ্ধ করা হয়েছে। এ ছাড়া একটি সংশোধনীও দেওয়া হয়েছে।’ এর আগে ‘নোট অব ডিসেন্ট’ প্রদান সম্পর্কে ইনুও প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন।তবে এ প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘আমরা কোনো বিল আনছি না; একটি প্রতিবেদন উপস্থাপন করছি মাত্র। যে সময় কোনো সংবিধান সংশোধনের বিল আসে, তখন কমিটির সদস্যরা যদি নোট অব ডিসেন্ট না দেন, তবে পরে আর আলোচনায় অংশ নিতে পারেন না। তাই নোট অব ডিসেন্ট দিতে হয়। কিন্তু এই প্রতিবেদনের বেলায় এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। অতএব, কেউ একমত হয়ে প্রতিবেদন দিলেও তাঁদের মতদ্বৈততা সংসদে প্রকাশ করতে পারবেন।’ প্রতিবেদনের ক্ষেত্রে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া অপ্রয়োজনীয় দাবি করে তিনি আরও বলেন, ‘এটা গ্রহণ বা বর্জন করার কিছু নেই।’সুরঞ্জিত বলেন, ‘এটা ঠিক যে রাজনৈতিক চিন্তা-আদর্শ আর বাস্তবতার সমন্বয় ঘটাতে গিয়ে বিভিন্ন ইস্যুতে কমিটির সদস্যদের মধ্যে মতদ্বৈততা ছিল। তবু আমরা যতটা পেরেছি; মতদ্বৈততা সমন্বয় করার চেষ্টা করেছি। তবে আমাদের মনে রাখতে হবে, এটা একটি প্রতিবেদন মাত্র। সংবিধান সংশোধনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মালিক সংসদ। সুতরাং এই প্রতিবেদন চূড়ান্ত বা শেষ কিছু নয়। এটি নিয়ে সংসদে আরও আলোচনা ও বিতর্ক হবে। সংসদ এই প্রতিবেদন পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন বা সংশোধন করতে পারবে।’ তিনি বলেন, ‘প্রতিবেদন প্রস্তুতে কমিটি শুধু আদালতের রায়ের ওপরই নির্ভর করেছে, তা নয়। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করে জনমত, মুক্তিযুদ্ধের ইতিহাস ও মূল্যবোধকে সমুন্নত রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমরা কোনো মৌলিক বিষয়ে হাত দিইনি। এক কথায় বলা যায়, সংবিধানে যা আছে, তাই রাখা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমন্ত্রিত অতিথিদের মতামত আমরা পরীক্ষা-নিরীক্ষা করেছি। তাঁদের সকল মতামত রাখতে পারলেই আমরা খুশি হতাম। তবে তা বাস্তবসম্মত হতো না।’এর আগে কমিটির আজকের বৈঠকে প্রতিবেদনটি নিয়ে শেষবারের মতো আলোচনা করে বিশেষ কমিটি। পরে তা সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত করা হয়। কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়াও কমিটির সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, শেখ ফজলুল করিম সেলিম, মো. রহমত আলী, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ ও শিরীন শারমিন চৌধুরী। বিশেষ আমন্ত্রণে যোগ দেন আইনমন্ত্রী শফিক আহমেদ।প্রসঙ্গত, জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীসংক্রান্ত সুপারিশসংবলিত প্রতিবেদন উত্থাপনের পরই বিলুপ্ত হবে এই বিশেষ কমিটি। গত বছরের ২১ জুলাই এটি গঠন করা হয়েছিল।