সংবিধান সংশোধনের উদ্যোগ একটা ষড়যন্ত্র: দেলোয়ার
সরকারের নেওয়া সংবিধান সংশোধনের উদ্যোগকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি অভিযোগ করেন, সংবিধান সংশোধনে একতরফাভাবে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে নাম দেওয়ার জন্য বিএনপিকে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। এ ছাড়া বিশেষ কমিটিতে কো-চেয়ারপারসন বলে যে পদ আছে, তা কার্যপ্রণালী বিধিতে নেই।আটক নেতা-কর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে আজ রোববার বিএনপির বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব এ কথা বলেন। বিকেল চারটার দিকে কর্মসূচি শুরু হয়ে চলে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত।শাহ মোয়াজ্জেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, আবদুল্লাহ আল নোমানসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।দেলোয়ার হোসেন সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেখানে বাধা, সেখানেই প্রতিরোধ—এটাই রাজনীতির ভাষা। তিনি সরকারকে অতীত থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। জনপ্রিয়তা কমায় সরকার আগ্রাসী হয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।প্রসঙ্গত, আজ পল্টন ময়দানে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালনের কথা ছিল। তবে গত বৃহস্পতিবার পর্যন্ত ক্রীড়া পরিষদের ময়দান বরাদ্দ না দেওয়ায় সেদিনই বিএনপি কর্মসূচিতে পরিবর্তন এনে বিক্ষোভ করার ঘোষণা দেয়।