সংবিধান সংশোধনের বিল সংসদে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের সুপারিশসংবলিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। বিলে অবৈধভাবে ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে বিবেচনার সুপারিশ করে সর্বোচ্চ দণ্ডের বিধান রাখারও প্রস্তাব করা হয়েছে।আইনমন্ত্রী শফিক আহমেদ গতকাল শনিবার বিএনপিসহ বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ উপস্থাপন করেন। স্পিকার আবদুল হামিদ বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠান। কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে বিলটি সম্পর্কে সংসদে প্রতিবেদন দেবে।বিলটি উত্থাপনের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ মহাজোটের বেশির ভাগ সদস্য উপস্থিত ছিলেন। সাংসদেরা টেবিল চাপড়ে এ সময় স্বাগত জানান।একমাত্র স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বিলটি উত্থাপনের সময় এর বিরোধিতা করে কিছুক্ষণের জন্য ওয়াকআউট করেন। তিনি এখনই উত্থাপন না করে বিরোধী দলসহ সবার সঙ্গে আরও আলোচনা করে মতৈক্যের ভিত্তিতে বিলটি সংসদে আনার প্রস্তাব দেন। এ প্রস্তাব আইনমন্ত্রী নাকচ করেন এবং বিল উত্থাপনের বিষয়টি কণ্ঠভোটে পাস হয়।বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে আইনমন্ত্রী বলেন, সংবিধানের বিভিন্ন বিধানে প্রয়োজনীয় সংশোধন আনতে মন্ত্রিসভা কর্তৃক চূড়ান্তভাবে অনুমোদিত সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিলে মূলত ১৯৭২ সালের সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য, জনগণের অধিকার, রাষ্ট্র পরিচালনার নীতিসংক্রান্ত বিধান পুনর্বহালের প্রস্তাব রয়েছে।শফিক আহমেদ বলেন, গণতন্ত্রকে সুসংহত করে অসাংবিধানিক পথে ক্ষমতা দখল এবং দেশে আইনের শাসন ও জনগণের অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা বন্ধ করতে এ বিল আনা হয়েছে। বিলে এ ধরনের কাজের সঙ্গে জড়িত ব্যক্তি, উসকানিদাতা ও সহযোগীদের শাস্তির বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। বিলটি পাস হলে গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ় হবে এবং জনগণের ক্ষমতা নিশ্চিত হবে।আইনমন্ত্রী বলেন, নির্বাচনে জনগণের রায় প্রতিফলিত করার লক্ষ্য সামনে রেখে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংশোধনের এ বিল আইনে পরিণত হলে তা জনগণের রাজনৈতিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং সংরক্ষণে মাইলফলক হিসেবে কাজ করবে।প্রস্তাবিত আইনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কিত সংবিধানের (অনুচ্ছেদ ৫৮খ, ৫৮গ, ৫৮ঘ, ৫৮ঙ) বাতিলের সুপারিশ করা হয়েছে। ৪৮ পৃষ্ঠার এ বিলে সংবিধানের ৫১টি দফায় সংশোধন, পরিবর্তন, প্রতিস্থাপন ও অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বাংলা ও ইংরেজি ভাষায় আনা এ বিলে সংবিধানের মৌলিক কাঠামোসংক্রান্ত বিধান সংশোধন অযোগ্য করে নতুন অনুচ্ছেদ ৭ (খ) যোগ করা হয়েছে।বিলে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’, রাষ্ট্রধর্ম ইসলাম, ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ কিছুটা সংশোধিত আকারে প্রায় আগের মতোই রাখা হয়েছে। সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ, ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণার টেলিগ্রাম এবং দশই এপ্রিল মুজিবনগর সরকারের জারি করা স্বাধীনতার ঘোষণাপত্রকে সংবিধানের অংশ করার সুপারিশ করা হয়েছে। এ জন্য সংবিধানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম—এ তিনটি নতুন তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে।বিলে আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয় এবং সব সরকারি ও আধা সরকারি অফিস, সব শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। বিলে সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতি প্রদর্শনের বিদ্যমান বিধান বাতিলের সুপারিশ করা হয়েছে।অসাংবিধানিক পথে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহের অপরাধ হিসেবে চিহ্নিত করে বিলে বলা হয়েছে, এ অপরাধে দোষী ব্যক্তি সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হবেন। বিলে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখলকারীর বিরুদ্ধে পরবর্তীকালে রাষ্ট্রদ্রোহ মামলা করার বিধান রাখার সুপারিশ করা হয়েছে। অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে শাস্তির বিধান রেখে নতুন অনুচ্ছেদ ৭(ক) সংযোজনের সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ৭(ক) ১(ক): ‘এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা (খ) এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।’বিলে ৭০ অনুচ্ছেদে পরিবর্তন করে ১৯৭২ সালের সংবিধানের আদলে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিধান অনুসারে কোনো সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সদস্যপদ থাকবে না। সংসদে সাংসদদের দলের বিরুদ্ধে কথা বলার বা ভোট না দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বিলে সংরক্ষিত নারী আসনের সংখ্যা ৪৫ থেকে ৫০-এ উন্নীত করার সুপারিশও করা হয়েছে। এ ছাড়া ৬৬ অনুচ্ছেদ সংশোধন করে যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণার প্রস্তাব এবং ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির অযোগ্য করার সুপারিশ করা হয়েছে।বিলে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছেই রাখার সুপারিশ করা হয়েছে। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা-সম্পর্কিত ১১৮ অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে।বিলে নির্বাচন অনুষ্ঠান-সম্পর্কিত ১২৩ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, ‘মেয়াদ অবসানের কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে এবং মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভাঙ্গিয়া যাইবার ক্ষেত্রে ভাঙ্গিয়া যাইবার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।’বিলে বলা হয়েছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই সংবিধানের মূলনীতি হবে। রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্ম পালনেও রাষ্ট্র সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করবে।বিলে বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা নেবে।মন্ত্রিসভা গত সোমবার সংবিধান সংশোধন বিলের খসড়া অনুমোদন করে। সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি ৮ জুন সংবিধান সংশোধনের প্রতিবেদন সংসদে উপস্থাপন করে।এর আগে সর্বশেষ ২০০৪ সালের ১৭ মে সংবিধানের চতুর্দশ সংশোধনী সংসদে পাস হয়েছিল। বিগত চারদলীয় জোট সরকারের আমলে ওই সংশোধনীতে বিচারপতিদের বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছিল।