সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো দল নিষিদ্ধ করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে না। রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকা না-থাকার বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেছেন। বৈঠক সূত্রে এ কথা জানা গেছে।বাজেট অধিবেশন শেষে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই বৈঠকে আওয়ামী লীগের প্রায় সব সাংসদ যোগ দেন।সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারি অফিস-আদালতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করা হবে। তবে প্রধানমন্ত্রীর ছবি টাঙানোর বিষয়টি বাধ্যতামূলক করা হবে না। সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হবে।বৈঠক শেষে আওয়ামী লীগের একাধিক সাংসদ জানান, প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের নিজ নিজ এলাকায় গিয়ে যুদ্ধাপরাধীদের বিচারকাজে যাতে বিঘ্ন না ঘটে, সে জন্য জনমত গঠন করার নির্দেশ দেন। জনগণ কোনো ধরনের অপপ্রচারে যাতে বিভ্রান্ত না হয়, সে ব্যাপারেও তিনি সজাগ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন সাফল্য এবং উন্নয়ন পরিকল্পনার কথাও জনগণের কাছে তুলে ধরতে বলেন।সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধানে ‘বিসিমল্লাহির রাহমানির রাহিম’ থাকবে না বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটি মোটেই সত্য নয়। নাগরিকের অনুভূতিতে আঘাত লাগবে, সংবিধানে এমন কোনো সংশোধনী আনা হবে না। সরকারি দপ্তরে প্রধানমন্ত্রীর ছবি টাঙানোর যে বিধান আছে, তা বাতিল করা হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ নিয়ে নানান বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এ বিচার দেশের মানুষের দীর্ঘদিনের দাবি। বর্তমান সরকার জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই বিচার-প্রক্রিয়া শুরু করেছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্যোগের কথা জানিয়ে বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘এ ব্যাপারে আপনাদেরও উদ্যোগী হতে হবে। কোথাও কোনো সমস্যা হলে তা কেন্দ্রে জানাতে হবে।’ তিনি স্থানীয় পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সাংসদদের কাজ করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী দলীয় সাংসদদের সতর্ক করে বলেন, টিআর, কাবিখা নিয়ে সাংসদেরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন, সে খবর তাঁর কাছে আছে। এটি অব্যাহত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।