সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হবে না। রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার থাকা না-থাকার বিষয়টি নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আজ বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে বাজেট অধিবেশন শেষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে জানা গেছে। প্রায় এক ঘণ্টার এ বৈঠকে সরকারি দলের প্রায় সব সাংসদ যোগ দেন।বৈঠক শেষে সরকারি দলের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী দলীয় এলাকায় গিয়ে সাংসদদের যুদ্ধাপরাধীদের বিচারকাজে যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য জনমত গঠনের নির্দেশ দেন। জনগণ কোনো ধরনের অপপ্রচারে যাতে বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে সাংসদদের সজাগ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সরকারের বিভিন্ন সফলতা এবং উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম’ থাকবে না বলে অপপ্রচার চালানো হচ্ছে। এটি মোটেই সত্য নয়। নাগরিকের অনুভূতিতে আঘাত লাগবে—সংবিধানে এমন কোনো সংশোধনী আনা হবে না।শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারকাজ নিয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। সাংসদদের এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মানুষের দীর্ঘদিনের দাবি। বর্তমান সরকার জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই বিচারপ্রক্রিয়া শুরু করেছে। এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার উদ্যোগের কথা অবহিত করে শেখ হাসিনা বলেন, ‘এ ব্যাপারে আপনাদেরও উদ্যোগী হতে হবে। কোথাও কোনো সমস্যা হলে তা কেন্দ্রে জানাতে হবে।’ স্থানীয় পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে সাংসদদের কাজ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।