প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, সংবিধান সংশোধনের সময় মুক্তিযোদ্ধাদের কথা মনে রাখতে হবে। তাঁদের রক্ত আর কঙ্কালের ওপর ভিত্তি করেই আমরা পতাকা, জাতীয়তা, জাতীয় সংগীত ও মানচিত্র পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে থাকতে হবে। যে সংবিধান মুক্তিযুদ্ধের ফসল, মুক্তিযুদ্ধের দান—তা লালন করতে হবে।আজ শনিবার সকালে কুমিল্লা জিলা স্কুল মাঠে ‘মুক্তিযোদ্ধা চত্বরে’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন। বিদ্যালয়ের ১৯৬০ সালের ছাত্র হিসেবে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত হন।স্কুলের শহীদ আবু জাহিদ মিলনায়তনের এই অনুষ্ঠানে কুমিল্লা জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রমুখ।