সংবিধান সংশোধনের সাফল্য অনেকাংশেই ম্লান হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বলা হয়েছে, তাদের ব্যর্থতার কারণে সংবিধান সংশোধনের সাফল্য অনেকাংশে ম্লান হয়ে গেছে।ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে জাসদ কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে গতকাল শনিবার ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় চার মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক তিনটি বিষয় সংবিধানে রয়ে গেছে। সেগুলো হলো—বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতির বিধান। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায়েও তাঁরা ব্যর্থ হয়েছেন। তবে এই সংশোধনের মাধ্যমে যেটুকু অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতেই তাঁরা সংসদের ভেতরে-বাইরে আন্দোলন করে যাবেন।ত্রয়োদশ সংশোধনী মামলার রায় হাতে পাওয়ার আগেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কেন বাতিল হলো, এই প্রশ্নের জবাবে মেনন বলেন, রায়ের কপি হাতে পেতে ছয় মাস বা এক বছরও লেগে যেতে পারে। সে জন্যই কমিটি অপেক্ষা করেনি। তা ছাড়া রায়ের মূল বক্তব্য পাওয়া গেছে। তাতে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সে জন্যই কমিটি বিএনপিকে সংসদে চেয়েছিল। মূলত বিএনপির অনুপস্থিতির কারণেই তত্ত্বাবধায়ক সরকার বা তার বিকল্প হিসেবে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি।জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সাম্প্রদায়িকতার ধারা থেকে ঘুরে দাঁড়ানোর যে সুযোগ এসেছিল, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটির সদস্য হিসেবে তাঁরা তা পুরোপুরি কাজে লাগাতে পারেননি। বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় চার মূলনীতি ফিরিয়ে আনার স্বার্থে জাসদ ও ওয়ার্কার্স পার্টি সংবিধান সংশোধন বিলে ভোট দিয়েছে। ধরে নেওয়া যায়, ‘আমরা কাঁটাওয়ালা জুতা পরে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হাঁটতে শুরু করেছি।’ইনু বলেন, তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য বিরোধী দলকে আলোচনায় আসতেই হবে। এর কোনো বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার-ব্যবস্থা গ্রহণের প্রস্তাব সম্পর্কেও বিএনপির আলোচনায় না যাওয়ার কারণ, তারা আন্দোলনের স্বার্থে এই ইস্যুটি জিইয়ে রাখতে চায়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থার বিকল্প একটি পদ্ধতি গ্রহণ করতে হলে আলোচনা অনিবার্য।সংবাদ সম্মেলনে ন্যাপের নেত্রী সাংসদ আমেনা আহমেদ, ফজলে হোসেন বাদশা এবং তিন দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।