সংবিধান সমুন্নত রাখলে অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ হবে: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য শপথ নেওয়া প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, জনগণ যদি সংবিধান সমুন্নত রাখতে পারে তাহলে অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ হবে। এ জন্য জনগণকে সচেতন হতে হবে। দেশের জনগণ সচেতন হলে অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ হবে। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় বার ও বেঞ্চকে একসঙ্গে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, রায় প্রদানের সঙ্গে সঙ্গে অনুচ্ছেদগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হয়েছে। এ সময় তিনি আইন মন্ত্রণালয়ের প্রতি পঞ্চম সংশোধনী মামলার রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণের আহ্বান জানান। আজ সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান বঙ্গভবনে খায়রুল হককে শপথবাক্য পাঠ করান। এ সময় সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার আবদুল হামিদ, আপিল বিভাগের বিচারপতি, বিদায়ী প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমসহ কয়েকজন সাবেক প্রধান বিচারপতি, মন্ত্রী ও তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।আজই প্রধান বিচারপতির পদ থেকে মোহাম্মদ ফজলুল করিম অবসরে গিয়েছেন।রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান গত ১৬ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে এ বি এম খায়রুল হককে নিয়োগ দেন। এ বি এম খায়রুল হক ১৯৪৪ সালের ১৮ মে মাদারীপুরের রাজৈর থানার আড়াইপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন, ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক পাস করেন। ১৯৭০ সালে তিনি আইনজীবী হিসেবে সনদ পান। ১৯৭৫ সালে লন্ডন থেকে বার-এট ল ডিগ্রি লাভ করেন। খায়রুল হক ১৯৭৬ সালে হাইকোর্ট বিভাগের এবং ১৯৮২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। তিনি ১৯৭৮ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন। ১৯৯৮ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০০ সালের ২৬ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন । ২০০৯ সালের ১৪ জুলাই তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ১৭ মে বিচারপতি খায়রুল হকের অবসরে যাওয়ার কথা রয়েছে।বিচারপতি এ বি এম খায়রুল হক হাইকোর্ট বিভাগে থাকাকালে বহুল আলোচিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় ও পঞ্চম সংশোধনী মামলার রায় দিয়েছিলেন। এ ছাড়া তিনি ঢাকার চার নদী রক্ষা, স্বাধীনতার ঘোষকসহ উল্লেখযোগ্য মামলার রায় দেন। তা ছাড়া তিনি বাংলায় একাধিক রায় দিয়েছেন।