সংবিধানকে পাশ কাটিয়ে কোনো সংলাপ হবে না
আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে, এ বিষয়ে বিরোধী দলকে সংসদে এসে প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ভাষাসৈনিক বাহাউদ্দিন চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এ আহ্বান জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট স্মরণসভার আয়োজন করে।সংগঠনের সিনিয়র সহসভাপতি এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণ-ঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আশফাক চৌধুরী অঙ্কুর প্রমুখ বক্তব্য দেন।সুরঞ্জিত বলেন, বিএনপির প্রস্তাব নিয়ে এলে আলোচনা হতে পারে। আলোচনা ফলপ্রসূ হলে আওয়ামী লীগ আগামী নির্বাচন নিরপেক্ষ করতে সংবিধান সংশোধন করতেও প্রস্তুত। কিন্তু সংবিধানকে পাশ কাটিয়ে কোনো সংলাপ হবে না। সংসদে এসে তত্ত্বাবধায়ক বিল উত্থাপন করলে এ নিয়ে আলোচনা হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।সংলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সংলাপ হবে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় সংলাপ নতুন কোনো তত্ত্ব নয়। কিন্তু তারা (বিএনপি) কি বাহাত্তরের সংবিধান ও জাতীয় চার নীতি মানবে?’সুরঞ্জিত বলেন, ‘সংবিধান সংশোধনের সময় তাদের আমরা আমন্ত্রণ করেছিলাম। কিন্তু তারা সংশোধনী কমিটিতেও আসেননি, সংসদেও আসেননি।’বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের কথা উল্লে¬খ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির সময়ে ভোট কারচুপির কারণেই তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের সময়ে সাড়ে পাঁচ হাজার নির্বাচন হয়েছে, যার কোনোটিতে ভোট কারচুপি হয়নি। ভোট কারচুপির অভ্যাস আওয়ামী লীগ ও মহাজোটের নেই। এ অভ্যাস বিএনপির।দ্রুত বিচার আইনে আটক বিএনপির নেতাদের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘বিএনপির নেতারা যে আইনে আটক, সে আইন পাস করার সময় আমরাই বিরোধিতা করেছিলাম। একই সাথে এ কথাও বলেছিলাম যে এ আইনে হয়তো আপনারাও একদিন পড়তে পারেন।’বিএনপির নেতাদের জামিন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘আইন করার সময় চার্জশিট দেওয়ার পর জামিনের বিধান তাঁরাই রাখেননি। এটা আমার চেয়ে মওদুদ সাহেবই ভালো জানেন।’হরতাল প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘প্রতিটি গণতান্ত্রিক দেশে হরতাল হয়। আমরাও করেছি, প্রয়োজনে আবারও করতে পারি। কিন্তু হরতালকে সামনে রেখে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা, গাড়ি পোড়ানো তো কারও গণতান্ত্রিক অধিকার হতে পারে না।’ বাসস।