সংবিধানবিরোধী বলেছে সরকারি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদের বাইরে বিএনপির বাজেট প্রস্তাবকে সংবিধানবিরোধী এবং শপথভঙ্গ বলেছে সরকারি দল। একই সঙ্গে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া অর্থমন্ত্রীর আগে এ ধরনের বাজেট ঘোষণা করে শপথভঙ্গ এবং সংসদ ও সংবিধান অবমাননা করেছেন বলে অভিযোগ করা হয়। এ ধরনের বাজেট ঘোষণা করতে হলে বিরোধীদলীয় নেতাকে আগে পদত্যাগ করতে হবে।পয়েন্ট অব অর্ডারে সরকারি দলের সাংসদেরা এ ব্যাপারে স্পিকারের রুলিংও দাবি করেন। সংসদে এসে বাজেটের ওপর বক্তব্য দেওয়ার জন্যও বিরোধী দলের প্রতি আহ্বান জানান সরকারি দলের সাংসদেরা।জাতীয় সংসদে আজ মঙ্গলবার পয়েন্ট অব অর্ডারে এক অনির্ধারিত আলোচনায় সরকারি দলের চারজন সদস্য এ দাবি জানান। শুরুতে পয়েন্ট অব অর্ডারে সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি উত্থাপন করে স্পিকারের রুলিং দাবি করেন।বিএনপির উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আপনারা অপজিশন ইন স্ট্রিট হতে চাইলে সবচেয়ে আগে সংসদ থেকে পদত্যাগ করতে হবে। আর সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল হলে অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার পর সংসদে এসে বাজেট নিয়ে যা ইচ্ছে প্রস্তাব দিন। দয়া করে আপনারা সংবিধান মেনে চলুন। আমরা কেউই সংবিধান ও আইনের ঊর্ধ্বে নই।’পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়া নিয়ে ডেপুটি স্পিকার শওকত আলীর সঙ্গে বাকবিতণ্ডার পর সুরঞ্জিত সেনগুপ্ত এ প্রসঙ্গে বলেন, ‘সংবিধানে বলা আছে, বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।’ প্রথমে পয়েন্ট অব অর্ডারে ডেপুটি স্পিকার সুরঞ্জিতকে ফ্লোর দিতে রাজি হননি।সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের প্রকারভেদ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘অপজিশন দুই ধরনের। এক. অপজিশন ইন স্ট্রিট এবং দুই. অপজিশন ইন হাউস। যাঁরা রাজপথে আছেন, তাঁরা অনেক কিছুই করতে পারেন। আর অপজিশন ইন হাউসকে সংসদে এসে বাজেটের সমালোচনা করতে হবে।’সুরঞ্জিত বলেন, ‘বাজেট দেওয়ার ম্যান্ডেট পেয়েছে মহাজোট। এই ম্যান্ডেট পেয়েছেন শেখ হাসিনা। আপনারা পেয়েছেন, বিরোধী দলে বসার ম্যান্ডেট। সংবিধান অনুসারে সরকারের পক্ষে একমাত্র অর্থমন্ত্রীই বাজেট ঘোষণা করতে পারেন।’সুরঞ্জিত বলেন, ‘অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার আগে বিকল্প বাজেট দেওয়ার অধিকার বিরোধীদলীয় নেত্রীকে সংবিধান ও আইন দেয়নি।’সুরঞ্জিত স্পিকারের রুলিং চেয়ে বলেন, ‘আমরা আপনার রুলিং চাই। বিরোধী দল শপথ মেনে, সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে আইন অনুয়ায়ী কাজ করবে।’এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের মইনুদ্দিন খান বাদল বলেন, ‘একটি নির্দিষ্ট রাজনৈতিক দল কি সব নিয়ম-শৃঙ্খলার ঊর্ধ্বে? কারা সংসদকে অকার্যকর করছে? তাঁরা প্রশ্ন তুলে কেন সংসদে উপস্থিত থাকছেন না ?’মইনুদ্দিন খান বিরোধী দলের সমালোচনা করে বলেন, পৃথিবীতে এটাই একমাত্র সংসদ, যেখানে বিরোধীদলীয় নেতা সংসদে আসেন না। তাঁরা শুধু বাড়ি, ছেলে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে কথা বলেছেন।ডেপুটি স্পিকারের উদ্দেশে মইনুদ্দিন খান বলেন, ‘কেউ সংসদের কার্যপ্রণালী বিধি অস্বীকার করলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেবেন? এ জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি।’বিএনপির বাজেট প্রস্তাবনার ওপর প্রথমে বক্তব্য দেন ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, ‘এই বিকল্প বাজেট পেশ সংসদ অবমাননার শামিল। অর্থমন্ত্রী বাজেট দেবেন। এর আগে তারা কীভাবে জানলেন, কোথায় কর বাড়বে? কোন পণ্যে কর কমবে? উনি (খালেদা জিয়া) কি এনজেল না, ফেরেস্তা?’ফজলে রাব্বী মিয়া আরও বলেন, ‘বাজেট প্রস্তাব না হতেই তারা কীভাবে বাজেট দিলেন, এ বিষয়ে হাউসের একটা সিদ্ধান্ত হওয়া উচিত।’পয়েন্ট অব অর্ডারের আগেই সুরঞ্জিত ‘কনস্টিটিউশনাল বিষয়’ নিয়ে বক্তব্য দেওয়ার জন্য ডেপুটি স্পিকারের কাছে একটি চিরকুট পাঠান। এরপর পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে দাঁড়ালে সুরঞ্জিতকে উদ্দেশ করে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, ‘কনস্টিটিউশনাল বিষয় নিয়ে কিছু বলতে চাইলে নোটিশ দিন। সঠিক পদ্ধতি অবলম্বন করুন। আমি আপনাকে পয়েন্ট অব অর্ডার দেব না।’এরপর ফজলে রাব্বী মিয়াকে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সুযোগ দেন ডেপুটি স্পিকার। এই পুরো সময়টাই সুরঞ্জিত দাঁড়িয়ে থাকেন। পরে পয়েন্ট অব অর্ডারে মইনুদ্দিন খান বাদলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন শওকত আলী। এ সময় সুরঞ্জিত ডেপুটি স্পিকারকে উদ্দেশ করে বলেন, ‘আমি বসব না। এভাবে তো আপনি হাউস চালাতে পারবেন না। আপনি কার্যপ্রণালী বিধির ৩০১ ধারা পড়ে দেখেন।’জবাবে ডেপুটি স্পিকার বলেন, ‘আমি পড়েছি।’সুরঞ্জিত না বসে সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে উদ্দেশ করে বলেন, ‘আমি উপনেতার দৃষ্টি আকর্ষণ করছি।’ এ সময় প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না।সাজেদা চৌধুরী দাঁড়িয়ে ডেপুটি স্পিকারকে উদ্দেশে বলেন, ‘আপনি সংসদের অভিভাবক। সাংসদদের কথা আপনি অনুগ্রহ করে শুনবেন বলে আশা করি। সুরঞ্জিত সেনগুপ্ত অভিজ্ঞ সাংসদ। ওনাকে কিছুক্ষণের জন্য মাইক দেন।’এরপর ডেপুটি স্পিকার সুরঞ্জিতকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।বিএনপির এই বাজেট প্রস্তাবের ওপর আরও বক্তব্য দেন মহীউদ্দীন খান আলমগীর ও আবদুল মান্নান।