সংবিধানে আদিবাসীদের স্বীকৃতির দাবি সন্তু লারমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) সংশোধিত সংবিধানে ‘উপজাতি ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়’ হিসেবে নয় বরং আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।সংবাদ সম্মেলনে সন্তু লারমা বলেন, সংবিধানে বাংলাদেশের জনগণ ‘জাতি হিসেবে বাঙালি’ মর্মে যে সংশোধনী প্রস্তাব দিয়েছে তা প্রত্যাহার করতে হবে। বাংলাদেশ বিভিন্ন জাতিসত্তার দেশ। একজন চাকমা অথবা মারমা নিজেকে বাঙালি বলে পরিচয় দেবে না। এ ছাড়া সংবিধানের প্রস্তাবনায় ‘বিসমিল্লাহির রহমানির রহিম ও রাষ্ট্রধর্ম ইসলাম’—এ দুটি প্রস্তাব সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক ও পরস্পর বিরোধী। এ জন্য এই প্রস্তাবও বাতিল করতে হবে। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সন্তু লারমা। উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ। সৈয়দ আবুল মকসুদ বলেন, সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সুপারিশ প্রস্তাব সংসদে গৃহীত হলে তা হবে একটি অসংলগ্ন অর্থহীন রাষ্ট্রীয় দলিল। এ প্রস্তাবে অসংখ্য পরস্পর বিরোধিতা রয়েছে। এ সংবিধানের মাধ্যমে সাম্প্রদায়িক রাষ্ট্র তৈরির প্রক্রিয়া শুরু হবে।