আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, পঞ্চম সংশোধনী বাতিলের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরে এসেছে।মন্ত্রী আজ রোববার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ‘পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল ও আগামী দিনের রাজনীতি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতায় এসে স্বঘোষিত রাষ্ট্রপতি হয়ে যান। একের পর এক সামরিক ফরমান জারি করতে থাকেন। তিনিই সম্ভবত পৃথিবীতে একমাত্র বেসামরিক ব্যক্তি, যার নেতৃত্বে সামরিক শাসন এসেছিল।পরে ১৯৭৫ সালের নভেম্বর মাসে জিয়াউর রহমান একজন বিচারপতিকে দেশের রাষ্ট্রপতি বানিয়ে সামরিক শাসন অব্যাহত রাখেন। তত্কালীন বিচারপতি সায়েম সামরিক শাসনের অধীনে রাষ্ট্রপতি হয়ে সংবিধান সমুন্নত রাখার নিজের শপথ ভঙ্গ করেছিলেন।আইনমন্ত্রী আরও বলেন, পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রের মূল স্তম্ভে আঘাত করা হয়েছিল। সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শকে ভুলণ্ঠিত করা হয়েছিল, ধর্মভিত্তিক রাজনীতির ভিত্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার পথ বন্ধ হয়েছে। এখন নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, যেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে।গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান এবং সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত।সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার পর সংবিধান সংশোধনে যে বিশেষ কমিটি হয়েছে, তারা সবার সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমেই সংবিধানসংক্রান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, সংঘাতের রাজনীতি পরিত্যাগ করতে হবে। বিশেষ কিছু মৌলিক বিষয়ে সবার মতৈক্য প্রতিষ্ঠা করতে হবে। সামাজিকভাবে গণতন্ত্রকে অর্থবহ করতে হবে।জাতীয় পার্টির সাংসদ ও সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির অন্যতম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘বাংলাদেশের সংবিধান বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ সংবিধান। এই সংবিধানে এমন কিছু নেই, যা অন্য ধর্মকে খাটো করে।’ তিনি বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম মেনেই ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা যায়।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার আগে চতুর্থ সংশোধনীর ব্যাপারে সিদ্ধান্তে আসা প্রয়োজন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন, সামরিক শাসন কখনো সংবিধান মেনে আসে না। তিনি বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তাদের সতর্ক থাকতে হবে, আমাদের কোনো ভুলের কারণে যেন সামরিক হস্তক্ষেপ না হয়।’ তিনি বলেন, সংসদকে কার্যকর ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া রাজনীতিবিদদেরই দায়িত্ব।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ট্রাস্টি মোজাফফর আহমদ বলেন, ‘রাজনীতি দিনে দিনে সাংঘর্ষিক হয়ে উঠছে। জনগণ শান্তি চায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে দেখতে চায়, বিদ্যুত্ চায়, নাগরিক সুযোগসুবিধা চায়। সংবিধান নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’আইনবিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন, ‘ধর্মকে রাজনীতি ও সংবিধান থেকে আলাদা করতেই হবে, নয় তো ভবিষ্যতে আমাদের পাকিস্তানের পরিণতি বরণ করতে হতে পারে।’মেজর জেনারেল (অব.) আমীন আহমদ চৌধুরী বলেন, যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও ক্যাবিনেট থেকে শুরু করে সবকিছুকে কুক্ষিগত করতে চায়, তাদের সঙ্গে সামরিক শাসকদের কোনো পার্থক্য নেই। তারাও এক ধরনের স্বৈরশাসক।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পরও আদিবাসীদের কথা সংবিধানের কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি, যা দুঃখজনক।অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।