সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে স্বীকৃতি দেওয়া হলে বিএনপি ক্ষমতায় এসে তা বাতিল করবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের এ কথা বলেন।মওদুদ আহমদ বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এটা মীমাংসিত বিষয়। জোর-জবরদস্তি করে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার কোনো মানে নেই। কে স্বাধীনতার ঘোষক, তা জাতি অনেক আগে থেকেই উপলব্ধি করে আসছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে, তখনই মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়। স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে আজ শনিবার সকাল থেকে বিএনপির হাজার হাজার নেতা-কর্মী জিয়াউর রহমানের কবরে আসেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের জাতীয় স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতারা কর্মীদের সঙ্গে মিলে কবরে ফুল দেন। সাভারে তোরণ ভাঙার নিন্দা: ঢাকা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে বিএনপির নির্মিত ৬০টি তোরণ সরকারদলীয় লোকেরা ভেঙে ফেলেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনায় নিন্দা জানিয়ে সরকারকে অগণতান্ত্রিক আচরণ থেকে ফিরে আসার আহ্বান জানান।মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণ জানে গণতান্ত্রিকভাবে কীভাবে এর জবাব দিতে হবে। তিনি হতাশা প্রকাশ করে বলেন, স্বাধীনতা দিবসের এই দিনটিতেও সরকারি দলের সন্ত্রাসীরা বিরোধী দলকে রেহাই দেয়নি। বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার জিয়ার কবরস্থানে পরিছন্নতা কর্মীদের প্রবেশ করতে দেয়নি। সেখানকার বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগও করেন তিনি। সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।