সংবিধানে বিসমিল্লাহ থাকলেও ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ন হবে না: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এমনভাবে সংবিধানে সংশোধনী আনা হবে, যাতে অসাম্প্রদায়িক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ভূলুণ্ঠিত হবে না। সংবিধানে বিসমিল্লাহ থাকলেও তাতে ধর্মনিরপেক্ষতা ক্ষুণ্ন হবে না বলেও তিনি মন্তব্য করেন।আজ সোমবার মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে জাতীয় যুব সাংস্কৃতিক সংস্থা আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সুপ্রিম কোর্ট সংবিধানের কিছু অংশকে অবৈধ ঘোষণা করেছেন। কিন্তু এটম বোমা যেখানে আছে সেখানে তাঁরা হাত দেননি। তাঁরা যতটুকু করেছেন, তার জন্য আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ। বাকিটুকু রাজনীতিবিদেরাই করবে।’ তিনি বলেন, ‘বিশ্বের অনেক জাতিই তাদের ইতিহাস হারালেও তা আর ফিরিয়ে আনতে পারেনি। কিন্তু আমরা ৪০ বছর পর হলেও ইতিহাস পুনরুদ্ধার করব।’ দেশে মুসলমানরাই অন্যান্য জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ তাই বিসমিল্লাহ থাকলে সমস্যা নেই। তারা সৃষ্টিকর্তার নাম নেবে এটাই স্বাভাবিক। অন্যান্য জাতি সত্তার লোকজন নিজেদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। এটাই অসাম্প্রদায়িকতার মূল চেতনা। এটাই ধর্মনিরপেক্ষতা।গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, সরকার এ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হতে দেবে না। বুকের রক্ত দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা হবে। বর্তমান সরকার ব্যর্থ হলে এ দেশ আফগানিস্তান ও পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।আয়োজক সংগঠনের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, পিএসসির সদস্য ইকরাম আহমেদ।অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দাবির প্রথম প্রস্তাবক সংগঠক গফরগাঁও থিয়েটারকে সম্মাননা প্রদান করা হয়। বাসস।