সংবিধান সংশোধনী ছাড়াই পরিবর্তন, বদলে যেতে পারে ব্যাখ্যা
সংবিধানে যতিচিহ্ন ও বানানে অসামঞ্জস্যের ছড়াছড়ি
বিধান অনুযায়ী সংসদের মাধ্যমে সংশোধনী আনা ছাড়া সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা যায় না। কিন্তু বাংলাদেশের সংবিধানে সংশোধনী ছাড়াই বেশ কিছু পরিবর্তন এসে গেছে। বেশির ভাগ পরিবর্তনই যতিচিহ্নের ব্যবহার ও বানানরীতিকেন্দ্রিক। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অসংগতি বা ত্রুটিসহ সংবিধান ছাপা হলে ক্ষেত্রবিশেষ আইনের ব্যাখ্যা ভিন্ন রকম হয়ে যেতে পারে।আইনমন্ত্রী শফিক আহমেদ এতে বিস্ময় প্রকাশ করে বিষয়টির প্রতিকারের ওপর গুরুত্ব আরোপ করেছেন।মূল সংবিধানের সঙ্গে ২০০৮ সালের এপ্রিলে মুদ্রিত সর্বশেষ সংস্করণের তুলনা করে দেখা গেছে, এতে ব্যাপক বানানবিভ্রাট ও অসামঞ্জস্য রয়েছে।১৯৭২ সালের মূল সংবিধান (হাতে লেখা কপি) এবং এর সর্বশেষ সংস্করণ পর্যালোচনা করে দেখা গেছে, সংবিধানের যেসব অনুচ্ছেদে ‘তবে’ শব্দ ব্যবহারের মাধ্যমে শর্ত যুক্ত রয়েছে, সেই শর্তের আগের অনুচ্ছেদ (প্যারা) সেমিকোলন (;) দিয়ে শেষ হয়েছে। কিন্তু মুদ্রিত সংবিধানের সর্বশেষ সংস্করণে দেখা গেছে, সংশোধনী ছাড়াই বিভিন্ন অনুচ্ছেদ ও তফসিলের অন্তত ৩০টি জায়গায় শর্তের আগে সেমিকোলনের পরিবর্তে বিসর্গ (ঃ) ব্যবহার করা হয়েছে। কর্মকর্তাদের মতে, মূলত কোলন (:) ব্যবহার করতে গিয়ে ভুলবশত ‘বিসর্গ’ ব্যবহার করা হয়েছে। বানানরীতিতেও এসেছে অসংখ্য পরিবর্তন। এমনকি কোনো জায়গায় অনুচ্ছেদ থেকে পুরো শব্দও বাদ পড়ে গেছে।সংবিধানের যেসব অনুচ্ছেদে কখনোই কোনো সংশোধনী আনা হয়নি, সেসব অনুচ্ছেদেই এ-জাতীয় পরিবর্তন বেশি হয়েছে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বিভিন্ন সময় পুনর্মুদ্রণ করতে গিয়ে অসাবধানতাবশত এ-জাতীয় ভুল হয়েছে।পর্যালোচনায় দেখা গেছে, পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৩৮ অনুচ্ছেদের (ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা-সংক্রান্ত) শর্তযুক্ত অংশটি বিলোপ করা হয়েছিল। তারপর এর আগের প্যারাটি ‘সেমিকোলন’ দিয়ে শেষ হয়েছে। অথচ বর্তমানের মুদ্রিত সংবিধানে সেখানে ‘বিসর্গ’ রয়েছে।মূল সংবিধানের ৬৫(১) অনুচ্ছেদে বলা আছে, ‘“জাতীয় সংসদ” নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবে; ‘তবে শর্ত থাকে যে, সংসদের আইন-দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।’অথচ সর্বশেষ মুদ্রিত সংবিধানে লেখা আছে, ‘“জাতীয় সংসদ” নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা সংসদের উপর ন্যস্ত হইবেঃ‘তবে শর্ত থাকে যে, সংসদের আইন দ্বারা যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান, উপ-আইন বা আইনগত কার্যকরতাসম্পন্ন অন্যান্য চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতার্পণ হইতে এই দফার কোন কিছুই সংসদকে নিবৃত্ত করিবে না।’অর্থাৎ এই অনুচ্ছেদে ভুলবশত ‘তবে’ যুক্ত শর্তের আগে ‘সেমিকোলন’-এর জায়গায় ‘বিসর্গ’ ব্যবহার করা হয়েছে। আর শর্ত ব্যাখ্যা করতে গিয়ে ‘আইন-দ্বারা’ এর জায়গায় ‘আইন দ্বারা’ ছাপা হয়েছে।একইভাবে সর্বশেষ মুদ্রিত সংবিধানের ৬৭(১), ৭২(১) ও (৩), ৮২, ৯৩(১), ১১৭(২), ১১৮(৫), ১৩৩, ১৩৫(২), ১৩৮(১), ১৪২(১), ১৪৭(৩) ও ১৫৩(৩) এবং চতুর্থ তফসিলের ২(২), ৪(১), ৭, ১৪ ও ১৭(২) অনুচ্ছেদে সংশ্লিষ্ট শর্তযুক্ত অংশের আগের যতিচিহ্নের ক্ষেত্রে ‘সেমিকোলন’-এর পরিবর্তে ‘বিসর্গ’ ব্যবহার করা হয়েছে। আর দেখা গেছে, পঞ্চম সংশোধনীতে ৯৮ অনুচ্ছেদে একটি শব্দগুচ্ছ প্রতিস্থাপনের পর শর্তের আগে ‘কমা’ ব্যবহার করা হয়েছে। কিন্তু বর্তমান সংস্করণে কমার পরিবর্তে রয়েছে ‘বিসর্গ’। সংবিধানের বানানরীতিতেও যথেষ্ট বিভ্রাট লক্ষ করা গেছে। মূল সংবিধানের প্রস্তাবনার তৃতীয় অনুচ্ছেদে ‘সঙ্গতি রক্ষা’ শব্দ দুটি পৃথকভাবে ব্যবহার করা হয়েছে। বর্তমানের সংস্করণে তা একত্র করে ‘সঙ্গতিরক্ষা’ ছাপা হয়েছে। একইভাবে ৪(৩) অনুচ্ছেদের ‘পরস্পর সংযুক্ত’ বর্তমানে ‘পরস্পর-সংযুক্ত’, ১৩ অনুচ্ছেদের ‘বণ্টনপ্রণালী-সমূহের’ শব্দটি বর্তমানে ‘বণ্টনপ্রণালীসমূহের’, ৩২ অনুচ্ছেদের ‘ব্যক্তি-স্বাধীনতা’ বর্তমানে ‘ব্যক্তিস্বাধীনতা’ এবং ৩৪ অনুচ্ছেদের ‘দণ্ডনীয়’ শব্দটি বর্তমানে ‘দন্ডনীয়’ ছাপা রয়েছে।শব্দ বাদ পড়ার নজিরও আছে। দেখা গেছে, ৯৩(৪) অনুচ্ছেদের বাংলা পাঠে বলা আছে, ‘এই অনুচ্ছেদের (৩) দফার অধীন জারীকৃত প্রত্যেক অধ্যাদেশ যথাশীঘ্র সংসদে উপস্থাপিত হইবে এবং সংসদ পুনর্গঠিত হইবার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে এই সংবিধানের ৮৭, ৮৯ ও ৯০ অনুচ্ছেদসমূহের বিধানাবলী প্রয়োজনীয় উপযোগীকরণসহ পালিত হইবে।’কিন্তু একই অনুচ্ছেদের ইংরেজি পাঠে ‘৮৭ ও ৯০’ অনুচ্ছেদের উল্লেখ আছে, কিন্তু ‘৮৯’ আদৌ নেই। এমন আরও অসংখ্য বানানগত অসামঞ্জস্য ও মুদ্রণবিভ্রাট রয়েছে সর্বশেষ সংস্করণে।এ ছাড়া মূল সংবিধানে ব্যাকরণের নিয়ম মেনে কোনো অনুচ্ছেদের শর্তের ইংরেজি পাঠে ‘কোলন’ এবং একই অনুচ্ছেদের বাংলা পাঠে ‘সেমিকোলন’ ব্যবহূত হয়েছে। মন্ত্রণালয়সংশ্লিষ্টদের মতে, পুনর্মুদ্রণের সময় ইংরেজি পাঠকে প্রাধান্য দিয়ে বাংলা পাঠেও ‘কোলন’ ব্যবহার করতে গিয়ে ভুলবশত (বিসর্গ) ব্যবহার করা হয়েছে। অথচ ১৫৩ অনুচ্ছেদে বলা আছে, সংবিধানের বাংলা ও ইংরেজি পাঠের মধ্যে কোনো বিরোধ দেখা দিলে বাংলা পাঠ প্রাধান্য পাবে।সংবিধানের বাংলা তর্জমা কমিটির (১৯৭২ সাল) আহ্বায়ক ড. আনিসুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘সংবিধান বলেই এমন ভুল ও অসামঞ্জস্য গ্রহণযোগ্য নয়। কারণ সংশোধনী ছাড়া সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে না।’আনিসুজ্জামান বলেন, এ ব্যাপারে মন্ত্রণালয়ের আরও যত্নশীল হওয়া উচিত ছিল এবং অচিরেই এসব ভুল সংশোধন করে সংবিধান পুনর্মুদ্র্রণ করা উচিত।সংবিধানের এ-জাতীয় ভুল ও বিভ্রাট সম্পর্কে আইনজ্ঞ শাহ্দীন মালিক প্রথম আলোকে বলেন, ‘আইনের ব্যাখ্যা অনেক ক্ষেত্রে শব্দ, যুক্ত শব্দ, যতি, বিরামচিহ্ন ইত্যাদির প্রয়োগের ওপর নির্ভর করে। ত্রুটিপূর্ণভাবে সংবিধান ছাপা হলে ক্ষেত্রবিশেষে আইনের ব্যাখ্যা ভিন্ন রকম হয়ে যেতে পারে। তাই সংবিধানে কোনো ধরনের ত্রুটি থাকা উচিত নয়।’শাহ্দীন মালিক মন্তব্য করেন, আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পদমর্যাদার সঙ্গে দক্ষতার গরমিল রয়েছে। যেসব কর্মকর্তা এসব ভুলত্রুটির জন্য দায়ী, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তা না হলে হেলাফেলা করে কাজ করার প্রবণতা থেকে যাবে।এ বিষয়ে আইনমন্ত্রী শফিক আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সংবিধানে এমন ভুল বিস্ময়কর। এটা কারও কাম্য নয়। আমরা পর্যালোচনা করে সংবিধানের আগামী সংস্করণেই এসব ভুল সংশোধনের উদ্যোগ নেব।’আইনমন্ত্রী ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত করে সংশোধনের জন্য মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব শহিদুল হককে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা দেন।