সংবিধানে রাষ্ট্রধর্ম না রাখার পক্ষে মত বিশেষজ্ঞদের
সংবিধানে রাষ্ট্রধর্ম না রাখার পক্ষে মত দিয়েছেন বেশির ভাগ বিশেষজ্ঞ।আজ রোববার সংসদ ভবনে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সভায় দেশের কয়েকজন সাবেক প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ আইনজ্ঞরা এ মত দেন। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রধান বিচারপতিকে রাখার বিধান বাতিলের সুপারিশ করেন তাঁরা। তাঁদের মতে, এতে করে বিচারব্যবস্থা দুর্বল ও বিতর্কিত হচ্ছে।কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য এবং বিশেষজ্ঞরা সভায় যোগ দেন। বেলা ১১টায় শুরু হয়ে এ বৈঠক চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত। কাল সোমবার বেলা ১১টায় প্রধান বিরোধী দল বিএনপি এবং বিকেলে জামায়াত ছাড়া সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে। আগামী মঙ্গলবার আলোচনার শেষ দিনে সরকারি দল আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করবে বিশেষ কমিটি।মতবিনিময়কালে বিশেষজ্ঞরা বিচারপতিদের অপসারণ বা অভিশংসনের ব্যাপারে সংবিধানে যে বিধান বিদ্যমান রয়েছে, তা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। সে ক্ষেত্রে সংশোধিত আকারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতেই ওই ক্ষমতা রাখার পক্ষে তাঁরা।বিচারপতিদের অভিশংসন বা অপসারণ করা-সংক্রান্ত ৯৬ অনুচ্ছেদটি বহাল রাখার মত দিয়ে রফিক-উল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে সর্বশেষ প্রধান বিচারপতিকে রাখা হলে বিচার বিভাগ বিতর্কিত হতেই থাকবে। আর রাষ্ট্রের ধর্ম হিসেবে বিশেষ কোনো ধর্মকে স্বীকৃতি না দেওয়াই রাষ্ট্রের জন্য মঙ্গল।বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলাম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় পরিবর্তন আনার ব্যাপারে আমরা একমত। কিন্তু আলোচনার মাধ্যমে কোনো সমাধানে আসতে পারিনি। তবে আমন্ত্রিতদের মতামতের ওপর ভিত্তি করে কমিটির সদস্যরা সমাধানের পথ খুঁজে পাবেন বলে আশা করা যায়। আমরা বলেছি, সরকার ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে রাজনৈতিক নেতাদের মধ্যে যাঁরা নির্বাচন করবেন না, তাঁদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা করা যেতে পারে।’আমীর-উল ইসলাম বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে দেওয়া হলে তদন্ত কাজের নিরপেক্ষতা নষ্ট হতে পারে। রাষ্ট্রধর্ম সম্পর্কে তিনি বলেন, ধর্ম মানুষের জন্য, রাষ্ট্রের জন্য নয়। সংবিধানে সবার জন্য সমান ধর্ম চর্চার স্বীকৃতি থাকা বাঞ্ছনীয়।কমিটি সূত্র জানিয়েছে, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম সংবিধানে ‘রাষ্ট্রধর্ম’ ও ‘ধর্ম নিরপেক্ষতার’ পাশাপাশি অবস্থান স্ববিরোধী বলে মন্তব্য করেছেন।সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম কমিটিকে পঞ্চম সংশোধনীর মামলাসংক্রান্ত আপিল বিভাগের রায়ে তাঁর যে মতামত ছিল, তা অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ পঞ্চম সংশোধনীর মামলা-সংক্রান্ত আপিল বিভাগের রায় দেন।দেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, কোনো ধরনের বিতর্ক সৃষ্টি না করে মতৈক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে হবে। যতটুকু দরকার সংবিধান সংশোধনে ততটুকুই হাত দেওয়া উচিত। বিতর্ক সৃষ্টি কারও কাম্য হতে পারে না।বৈঠক থেকে বেরিয়ে কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘বাহাত্তরের মূল চেতনা নিয়ে সংবিধান সংশোধন করতে হবে। গত ৪০ বছরে সংবিধান বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। বিচার বিভাগ ও আন্দোলনের মাধ্যমে তার অনেকটা আমরা ফিরে পেয়েছি।’ তিনি বলেন, ‘বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস তুলে ধরে বলেছি, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে এর কোনো বিকল্প নেই।’আজকের বৈঠকে আমন্ত্রিতদের মধ্যে অংশ নেন সাবেক প্রধান বিচারপতি মো. ফজলুল করিম, তাফাজ্জাল ইসলাম, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজীবী কামাল হোসেন, আমীর-উল ইসলাম, রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, এম জহির, আজমালুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ ও ফজলে নূর তাপস।