সংবিধানে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্ত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের শুরুতেই স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে আজ রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির একটি সূত্র জানায়, কেউ যাতে ইতিহাস বিকৃত করতে না পারে, এ জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।আজ রোববার সংসদ ভবনে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বলেন, অবৈধভাবে কেউ ক্ষমতা দখল, সংবিধান স্থগিত বা সংবিধান বাতিল করলে সেটা রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। অবৈধ দখলকারীদের কেউ সমর্থন বা অনুসমর্থন দিলে কিংবা তাদের কর্মকাণ্ডকে কেউ মার্জনা করলে তারাও রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবে। এ বিষয়গুলো সংবিধানে নতুন করে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আজ কমিটির বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।সুরঞ্জিত সেনগুপ্ত জানান, সংবিধানের মূলনীতির সঙ্গে শর্ত সহকারে নারী, জলবায়ু ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি জানান, সংবিধান সংশোধনের জন্য সংসদে আগামী এপ্রিল-মে মাসে বিশেষ অধিবেশন হবে। ওই অধিবেশনে শুধু সংবিধান নিয়ে কাজ করা হবে।