সংবিধানে ‘আদিবাসী জাতিসমূহ’ সংযোজনের দাবি
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর ২৩(ক) অনুচ্ছেদের ‘উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের’ শব্দগুলো পরিবর্তন করে ‘আদিবাসী জাতিসমূহ’ শব্দাবলি সংযোজনের দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। একই সঙ্গে সন্তু লারমা সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদ থেকে ‘জনগণ জাতি হিসাবে বাঙালি’ শব্দগুলো বাতিল এবং সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামসংক্রান্ত বিধান বাতিল; সংবিধানে একটি নতুন তফসিল সংযোজন করে তাতে দেশের ৫৪টির বেশি ভাষাভাষী আদিবাসী জাতিগোষ্ঠীর নামের তালিকা যুক্ত করা এবং সমতলের আদিবাসীদের জায়গাজমি পুনরুদ্ধার ও ভূমি রক্ষার জন্য ভূমি কমিশন গঠনেরও দাবি জানিয়েছেন। ৯ আগস্ট অনুষ্ঠেয় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি জানান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আদিবাসী ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সন্তু লারমা বলেন, বিশ্বের ৭০টি দেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হচ্ছে। অথচ বাংলাদেশ সরকার দিবসটি পালনে অসহযোগিতা করছে। এ প্রসঙ্গে তিনি গত ১১ মার্চ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের কাছে পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করেন। চিঠিটিতে দেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপনে সরকারের কোনো পর্যায়ের কর্মকর্তাদের সম্পৃক্ত না হওয়ার নির্দেশনা দেওয়া হয়। দেশের আদিবাসীদের মানবাধিকার-পরিস্থিতি ভালো নয় মন্তব্য করে সন্তু লারমা বলেন, ২০১২ সালে এ পর্যন্ত কমপক্ষে ৩০ জন আদিবাসী নারী সহিংসতার শিকার হয়েছেন।‘সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে একের পর এক আন্তরিকতার প্রতিশ্রুতি আওড়িয়ে যাচ্ছে। কিন্তু পার্বত্য চট্টগ্রামের জনগণ সরকারের প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত ও বিক্ষুব্ধ। তারা আর প্রতিশ্রুতি শুনতে চায় না’, বলেন সন্তু লারমা। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের কাছে সময়সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ আন্তর্জাতিক আদিবাসী দিবসটি সরকারিভাবে পালনের দাবি জানান। সম্মিলিত সামাজিক আন্দোলনের সহসভাপতি পঙ্কজ ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন । বিশ্ব আদিবাসী দিবসের এবারের প্রতিপাদ্য: ‘আদিবাসী অধিকার উজ্জীবিতকরণে আদিবাসী গণমাধ্যম’। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম আজ শুক্রবার থেকে ৯ আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি নিয়েছে।