সংবিধানের অবমাননা করেছে বিএনপি: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জাতীয় সংসদ ভেঙে দেওয়ার কথা বলে বিরোধী দল বিএনপি সংবিধানকে অবমাননা করেছে। কারণ, একমাত্র জাতীয় সংসদেই সংবিধানের পরিবর্তন হতে পারে। ক্ষমতার উত্স যে জনগণ বিএনপি তা মানে না। আর সে জন্যই এ ধরনের দাবি তোলে বলে তিনি জানান। আজ শুক্রবার বিকেলে ধানমন্ডিতে নিজ কার্যালয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাংবিধানিক পরিষদ গঠনের দাবি জানিয়ে বিএনপি তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ করেছে।বিএনপি একের পর এক মিথ্যাচার করে রাজনীতিকে অস্থিতিশীল করে তুলছে বলে তিনি অভিযোগ করেন। মাহবুবুল আলম হানিফ আরও বলেন, বিএনপি যখন সংসদ ভেঙে দেওয়ার দাবি তোলে তখনই দেশবাসীর মনে তাদের দুঃশাসনের স্মৃতি ভেসে ওঠে। লুটপাটের রাজনীতির কথা মনে পড়ে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ ধরনের কথা বলে বিএনপি তারেক, কোকোসহ অন্য সব দুর্নীতিবাজ নেতাকে বাঁচানোর চেষ্টা করছে।প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার বলেন, সংবিধান সংশোধন করতে হলে সংসদ ভেঙে দিয়ে সাংবিধানিক পরিষদ গঠন করতে হবে। গণভোটের মাধ্যমে জনগণের মতামত নেওয়া না হলে সেই সংশোধনী বিএনপি মানবে না। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।