সংবিধানের অবৈধ বিষয়গুলো বাদ দিতে হবে: কামাল হোসেন
বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ও বিশিষ্ট আইনজীবী কামাল হোসেন সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদের বিশেষ কমিটিকে হাইকোর্টের রায়ের আলোকে তাঁর সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন।আজ শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ আগ্রহের কথা জানান। খবর ইউএনবি।কামাল হোসেন বলেন, ‘নিশ্চয়ই আমি আমার মতামত দিতে ইচ্ছুক।’ তিনি আরও বলেন, ‘এটা কোনো পেশাগত ফিয়ের ব্যাপার নয়, এটা আমার কর্তব্য।’কামাল হোসেন বলেন, সামরিক একনায়কেরা ‘মার্শাল ল’ দিয়ে সংবিধানের মৌলিক নীতি পরিবর্তন করেছেন—যা সম্পূর্ণ অবৈধ। তিনি বলেন, ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া নয়, এটা হলো সংবিধানের অবৈধ বিষয়গুলোকে বাদ দেওয়া।তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কামাল হোসেন বলেন, যাঁরা ক্ষমতায় থাকেন তাঁরা এ ব্যবস্থা চান না। যাঁরা ক্ষমতার বাইরে থাকেন তাঁরা এটা চান। তিনি এ বিষয়ে থানা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে মুক্ত বিতর্কের প্রস্তাব দেন। সংস্কারের বিষয়ে তিনি মন্তব্য করেন, সংস্কারবাদীরা রাজনীতিতে অসুবিধায় রয়েছেন।