সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রায় স্ববিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে বিচারপতি খায়রুল হকের দেওয়া রায় স্ববিরোধী। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আইনবিষয়ক দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মওদুদ আহমদ বলেন, ত্রয়োদশ সংশোধনীর সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছিল, সরকার ইচ্ছা করলে দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখতে পারবে। কিন্তু ১৬ মাস পরে দেওয়া চূড়ান্ত রায়ে খায়রুল হক তাঁর পর্যবেক্ষণে বলেছেন, অনির্বাচিতদের নিয়ে তত্ত্বাবধায়ক গঠন করা যাবে না। এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় ভবিষ্যত্ প্রজন্মের কাছে বিতর্কিত হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী দেশে রাজনৈতিক বিপর্যয় ডেকে আনবে। অনুষ্ঠানের আরও বক্তব্য দেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন, সুপ্রিম জুডিশিয়াল কমিশনের সদস্য অধ্যাপক জাকির হোসেন, আইনজীবী তুহিন মালিক প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে আবদুল হালিমের লেখা ‘অ্যামেনমেন্ড অব দি কনস্টিটিউশন অব বাংলাদেশে: লেজিসলেটিভ ভার্সাস জুডিশিয়াল’ ও ‘দি থার্টিনথ অ্যামেনমেন্ড জাজমেন্ট’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন মওদুদ আহমেদ। ইংরেজি মাধ্যমে লেখা দুটি বই প্রকাশ করেছে সিসিবি ফাউন্ডেশন।