তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হেফাজতে ইসলামের উদ্দেশে বলেছেন, ‘সংবিধান পরিবর্তন করতে চাইলে আট মাস পর নির্বাচন আছে, সেই নির্বাচনে আসুন।’আজ বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী অভিযোগ করেন, ইসলাম বিপদে আছে—এই ধুয়া তুলে হেফাজতে ইসলাম আন্দোলন করছে। কিন্তু বাংলাদেশে ইসলাম বিপদে নেই। শুধু এখন নয়, স্বাধীনতার পর কখনো ইসলাম বিপদে ছিল না। হেফাজতে ইসলাম আসলে রাজনীতি করছে। হেফাজতের নেতারা মওদুদী ও জামায়াতি মন্ত্রকে হেফাজত করার কাজে লিপ্ত আছেন। তাঁরা ইসলাম সম্পর্কে অসত্য ও খণ্ডিত তথ্য দিচ্ছেন। তাই জনগণকে এই মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং তাঁদের বর্জন করার আহ্বান জানান মন্ত্রী।তথ্যমন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলামের নেতারা সংবিধান সংশোধনের দাবি তুলছেন। কিন্তু তাঁদের বলব, সামরিক বাহিনী কেবল সকাল-বিকাল সংবিধান বদল করতে পারে। তাই মিছিল, মিটিং, অবরোধ ও লংমার্চ বন্ধ করুন। আট মাস পরে নির্বাচন, আপনারা আপনাদের দাবি জনগণের কাছে তুলে ধরুন। যদি নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পান, তাহলে সংবিধান বদল করবেন। অবরোধের রাস্তা পরিহার করুন, ভোটের রাস্তায় আসুন। হুড়হাঙ্গামা করবেন না।’