সংবিধানের প্রথম সংশোধনী চ্যালেঞ্জ করে রিট, শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধের বিচারের পথ সুগমে ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হওয়া সংবিধানের প্রথম সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। রিটে জামায়াতের শীর্ষ চার নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা প্রথম মামলার (বিবিধ) কার্যক্রমের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। একইসঙ্গে ১৯৭৩ সালে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনের সাতটি ধারা ও উপধারার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।আজ সোমবার জামায়াতে ইসলামীর দুই সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এ রিট আবেদন করেন। এ দিন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়। আদালত কাল মঙ্গলবার দুপুরে শুনানির দিন নির্ধারণ করেন।জানা যায়, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২১ জুলাই জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে বিবিধ মামলা নম্বর ১ দায়ের করা হয়। এই মামলায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে শীর্ষস্থানীয় চার নেতাকে আটক রাখার নির্দেশ দেওয়া হয়। এ ক্ষেত্রে ট্রাইব্যুনালের কার্যক্রমের ওপর স্থগিতাদেশও চাওয়া হয়েছে রিটে। একইসঙ্গে আইনের সংশ্লিষ্ট ধারা ও সংবিধানের প্রথম সংশোধনীকে সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করার আরজিও জানানো হয়েছে। রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব ও ট্রাইব্যুনালের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।আদালতে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক ও মওদুদ আহমদের শুনানিতে অংশ নেওয়ার কথা রয়েছে।