সংবিধানের বাইরে না যেতে সরকার অনড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসতে সরকার প্রস্তুত, তবে সংবিধানের বাইরে কিছু করতে সম্মত নয়। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা সরকারের এ অবস্থানের কথা জানিয়েছেন।নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ আগস্ট সংবাদ সম্মেলনে বলেছেন, সংবিধান অনুযায়ী সবকিছু চলবে। সংবিধান থেকে একচুলও নড়বেন না তিনি। পরদিন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া এক সমাবেশে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়ে বলেন, আন্দোলনের বাতাসে চুল তো থাকবেই না, অস্তিত্বও যাবে।এ পরিস্থিতিতে গত শুক্রবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে ফোনে কথা বলেন।দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বান কি মুনের ফোনালাপের সময় সরকার বা আওয়ামী লীগের অন্য কোনো নেতা উপস্থিত ছিলেন না। স্কাইপ বা ভিডিও কনফারেন্সের মাধ্যমেও তাঁদের মধ্যে আলোচনা হয়নি। তবে জাতিসংঘের মহাসচিব যে তাঁকে ফোন করবেন, তা তিনি জানতেন এবং একজন শীর্ষস্থানীয় নেতাকে জানিয়েছিলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার সঙ্গে দেখা করে সংলাপে বসে সমাধান খুঁজে বের করার অনুরোধ করেন। দায়িত্বশীল সূত্র জানায়, প্রধানমন্ত্রী গতকাল শনিবার সরকারের দুজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মহাসচিবের ফোনালাপ এবং সরকারের অবস্থান নিয়ে কথা বলেছেন।নাম প্রকাশ না করার শর্তে একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি চান না। সমঝোতা না হলে সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন বান কি মুন। সংঘাত-সহিংসতা এড়িয়ে তিনি আলোচনাকেই প্রাধান্য দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে তিনি তাঁর এ মনোভাবের কথা জানিয়েছেন।অপর একজন মন্ত্রী বলেন, জাতিসংঘের মহাসচিব সংবিধানের আওতায় আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। জাতিসংঘের মহাসচিবের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী তাঁকে বলেন, অন্তর্বর্তী সরকারে বিরোধী দল আসতে পারে। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। বিরোধী দল কীভাবে অন্তর্বর্তী সরকারের অংশীদার হবে, তা তাদেরই বলতে হবে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীও সংবিধান মেনেই সমঝোতার কথা বলেন। গতকাল বিবিসি সংলাপে তাঁকে প্রশ্ন করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, প্রধান দুই রাজনৈতিক দল কি আলোচনা করে তা ঠিক করতে পারবে? জবাবে তিনি বলেন, আলোচনার দরজা সব সময় খোলা, তবে তা হতে হবে সংবিধান মেনে।সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলে জানা যায়, সংলাপে বসার ব্যাপারে সরকার চাপে থাকলেও অন্তর্বর্তী সরকারের অবস্থান থেকে তাঁরা সরবেন না। এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের কোনো প্রস্তাব তাঁরা মানবেন না। তবে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় আসার ব্যাপারে কূটনৈতিক মহল থেকে চাপ আছে বলে তাঁরা স্বীকার করেন। নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, প্রধানমন্ত্রীর ওপরও নানা মহলের চাপ বাড়বে। শেষ পর্যন্ত কী হয়, এখনই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার মতে, কূটনৈতিক মহল ও দাতাগোষ্ঠী মনে করে, শেষ পর্যন্ত বিরোধী দল নির্বাচনে আসবে। তবে কূটনীতিকেরা বিরোধী দলের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথা বলছেন।