সাংবিধানিক মূলনীতি ও আদর্শের পরিপন্থী—এমন কোনো দাবিকে সরকার প্রশ্রয় দিতে পারে না। একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও বহুমতের জাতি গঠনের সময় এ ধরনের ‘বিতর্কিত প্রকৃতির’ দাবি মেনে নিয়ে সরকার ঘড়ির কাঁটাকে পেছনে ঠেলে দিতে চায় না।হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি সম্পর্কে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ কথা বলেন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে তিনি উন্নয়ন-সহযোগীদের ব্রিফ করেন। ৬ এপ্রিল রাজধানীতে সমাবেশ ও হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি এবং রাজনৈতিক অবস্থার বিষয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে বসার জন্য সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কি না—কূটনীতিকদের এমন প্রশ্নেরও জবাব দেন দীপু মনি।ব্রিফিংয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ঢাকায় কর্মরত কূটনীতিকদের কোনো মন্তব্য করার আগে আরও সংবেদনশীল হওয়ারও অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। ব্রিফিং শেষে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা সাংবাদিকদের বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার সংলাপে বসার জন্য কী পদক্ষেপ নিয়েছে, কী কর্মপরিকল্পনার ভিত্তিতে এগোচ্ছে, তা সুস্পষ্টভাবে জানতে চাওয়া হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হানাও একই কথা জানান।ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারত, জাপানসহ প্রায় ৪০টি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ের শুরুতে হেফাজতে ইসলামের লংমার্চ, হরতালসহ সাম্প্রতিক সহিংসতা নিয়ে একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়। এরপর বক্তৃতা করেন দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ৬ এপ্রিল হেফাজতে ইসলামের লংমার্চ এবং তা ঠেকাতে পাল্টা কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই এ কর্মসূচি শেষ হওয়ায় জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সমাবেশ শেষে সরকার হেফাজতে ইসলামকে ধন্যবাদ জানায়। সমাবেশ শেষে তাদের উল্লেখযোগ্য সংখ্যক কর্মী গণজাগরণ মঞ্চের উদ্যোক্তাদের ওপর হামলার লক্ষ্যে শাহবাগের উদ্দেশে রওনা দেয়, যা খুবই দুঃখজনক।পররাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতের মূল দাবি ইসলাম ও রাসুল (স.)-কে অবমাননার বিষয়টির প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকার যেকোনো ধরনের ধর্মীয় বিশ্বাস অবমাননার বিরুদ্ধে অনমনীয় অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় ব্লগসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমের ওপর খোঁজখবর নিয়ে অভিযোগ প্রমাণ সাপেক্ষে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে।হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি প্রসঙ্গে পরস্পরবিরোধী বক্তব্য দেন দীপু মনি। তিনি বলেন, ‘ধর্মীয় স্বাধীনতা ও পবিত্রতার নিরিখে তাদের ক্ষোভ অনেকটা যৌক্তিক। কেউ শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক উপায়ে ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানালে সরকার তাদের পাশে থাকবে। হেফাজত তাদের দাবিগুলো অরাজনৈতিক বলে যে বক্তব্য দিয়েছে, সেটি বজায় রেখেছে এবং মানবতাবিরোধী বিচারের বিরুদ্ধে অবস্থান নিতে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেনি। তবে আমরা লক্ষ করেছি, বিরোধী রাজনৈতিক জোটের শরিক দলের প্রতিনিধিরা হেফাজতের মঞ্চকে ব্যবহার করেছেন। কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠী রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে হেফাজতকে গোপনে ব্যবহারের চেষ্টা করেছে।’আবার সংবিধান ও রাষ্ট্রীয় মূলনীতির প্রেক্ষাপটে দীপু মনি ১৩ দফা দাবির কোনো কোনোটি ‘বিতর্কিত প্রকৃতির’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সরকার একটি গণতান্ত্রিক, বহুমতের, অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। তাই রাষ্ট্রের মৌলিক নীতি ও সরকার পরিচালনার ক্ষেত্রে সংবিধানের আদর্শের পরিপন্থী দাবির কাছে নতি স্বীকার করে আমরা ঘড়ির কাঁটাকে পেছনে ফেরাতে দেব না।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি যুদ্ধবিধ্বস্ত দেশে নারীর ক্ষমতায়ন, প্রগতিশীল ও উদার শিক্ষানীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি, ধর্মের প্রতি সহনশীল আচরণ, গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা বিভিন্ন সম্প্রদায় ও ধর্মবিশ্বাসের জনগণকে একীভূত হওয়ার সুযোগের মাধ্যমে আমাদের আজকের সাফল্য অর্জিত হয়েছে। সরকার এ অর্জনকে ভূলুণ্ঠিত হতে দেবে না। দীপু মনি বলেন, ‘আগামী নির্বাচন বাংলাদেশের ভবিষ্যতের অগ্রযাত্রার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ দ্বারপ্রান্ত। জাতির সামনে এখন দুটি পথ। একটি হচ্ছে, একাত্তরের চেতনায় আমাদের গন্তব্য সমৃদ্ধি আর অগ্রগতির পথে এগিয়ে চলা। অন্যটি হচ্ছে, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে রাষ্ট্র পরিচালনার মৌলিক প্রশ্নে বিভাজন আরও গভীর করে নৈরাজ্যে জড়িয়ে পড়া। দ্বিতীয় পথ বেছে নিলে ইতিহাস কখনো আমাদের ক্ষমা করবে না।’বিদেশিদের সংবেদনশীল থাকার পরামর্শ: দেশের বিদ্যমান পরিস্থিতিতে কূটনীতিকদের কাছে সরকার সংবেদনশীল আচরণ প্রত্যাশা করে জানিয়ে দীপু মনি বলেন, চলমান সংঘাতের জন্য দায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকার যে জরুরি অবস্থার মুখোমুখি হচ্ছে, সেটি অনুধাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সংবেদনশীলতা প্রত্যাশা করে।