‘১৯৭২ সালের সংবিধানের মূলনীতির পরিপন্থী সব ধারা বাতিল করো’, ‘রাষ্ট্রের কোনো ধর্ম নেই’, ‘একই রাষ্ট্রে সবাই সমান’, ‘আদিবাসীদের স্বীকৃতি দাও’। এমন অসংখ্য দাবিসংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে গতকাল মঙ্গলবার বিভিন্ন শ্রেণী-পেশার হাজারো মানুষ অংশ নিয়েছে এক মানববন্ধনে।সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই মানববন্ধন হয়। এতে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়।রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিকসহ ১২৫টি সংগঠনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধন থেকে দাবি জানানো হয় সাংসদদের কাছে। সংগঠনগুলোর দাবি, ‘পরস্পরবিরোধী ধারা বাতিল ও সাম্প্রদায়িকতা থেকে সংবিধানকে মুক্ত করে দেশকে বিশ্ববাসীর সামনে উচ্চাসনে তুলে ধরা হোক।’ সংগঠনগুলোর উদ্যোগে একই ধরনের কর্মসূচি গতকাল দেশের বিভিন্ন স্থানে পালিত হয়।ঢাকার মানববন্ধন থেকে এক খোলা চিঠিতে বর্তমান সংসদ সদস্যদের প্রতি সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী সংবিধানে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি পুনঃস্থাপন এবং মূলনীতির পরিপন্থী কোনো ধারা বা অনুচ্ছেদ সংযোজন বা বিয়োজন না করার আহ্বান জানানো হয়।খোলা চিঠিতে বলা হয়, ‘পঞ্চম সংশোধনী বাতিল হওয়ায় সংবিধানের মূল চারনীতি পুনঃস্থাপিত হয়েছে। ফলে সংবিধানে যা যা সংযোজিত ও বিয়োজিত হয়েছিল তা বাতিল হয়ে গেছে। অথচ উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি যে ৫১ দফা সুপারিশ দিয়েছে, সেখানে চার মূলনীতি পুনঃস্থাপিত হওয়ার পাশাপাশি পঞ্চম ও অষ্টম সংশোধনীর মাধ্যমে জারি করা “বিসমিল্লাহ”, “রাষ্ট্রধর্ম ইসলাম” বহাল রাখার কথা বলা হয়েছে। এটা সংবিধানের মূলনীতি ও সর্বোচ্চ আদালতের রায়ের পরিপন্থী।’ মানববন্ধনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকা সত্ত্বেও বিশেষ কমিটি এগুলো রাখার সুপারিশ করেছে। আমি এর বিপক্ষে ছিলাম, আছি। সংসদেও এ নিয়ে কথা বলেছি।’একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, জিয়া-এরশাদের পাকিস্তানি মডেলের সংবিধানকে টিকিয়ে রাখার জন্য এ সরকারকে দেশের মানুষ ক্ষমতায় আনেনি। তিনি বলেন, ‘দাবি আদায় না হলে আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকব। আমাদের আন্দোলন চলতেই থাকবে।’মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও বাহাত্তরের সংবিধানে ফিরে না যাওয়া লজ্জাকর। বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ইসলামসহ অন্যান্য বিষয় সংবিধানে রেখে ধর্মভিত্তিক রাজনীতিকে আবার পুনর্গঠিত করা হচ্ছে।সেক্টর কমান্ডার্স ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. হামিদ বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি এখন ক্ষমতায়। তাই সময় এসেছে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার।মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল আহাদ চৌধুরী বলেন, সংবিধানকে অসাম্প্রদায়িক করা না হলে মুক্তিযুদ্ধের চেতনা বৃথা হয়ে যাবে। আর তা হলে মুক্তিযুদ্ধও বৃথা হয়ে যাবে।প্রজন্ম-৭১-এর চেয়ারম্যান শাহীন রেজা নূর বলেন, বাহাত্তরের সংবিধানে ফেরার ব্যাপারে কোনো আপস নয়। তিনি যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করেন।মানববন্ধনে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি সাংসদ হাসানুল হক ইনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, ইসলামী জোটের চেয়ারম্যান জোবায়ের হাসান, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের শফিকুল বাহার মজুমদার, বাংলাদেশ-নেপালি ঐক্য পরিষদের সভানেত্রী মিনা দেবী ছেত্রী, চারুশিল্পী সংসদের মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।