সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, সংবিধানের মৌলিক কাঠামো কোনোভাবেই পরিবর্তন যোগ্য নয়। বাহাত্তরের সংবিধানের মূলনীতি থেকে যেন সামান্যতম পদস্খলন না হয়। এ ছাড়া বিচারপতিদের অভিশংসনের (ইমপিচমেন্ট) বিষয়েও কথা বলেন তিনি।মুক্তিযোদ্ধাদের ত্যাগ, আদর্শ ও চিন্তাধারা মাথায় রেখে সংবিধান সংশোধন করতে হবে বলে মত দিয়েছেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। তিনি বলেছেন, ‘সংবিধান সংশোধন তো অবশ্যই করা যায় আইন অনুযায়ী। তবে যখনই আমরা আমাদের সংবিধান সংশোধনের কথা চিন্তা করব, আমরা যেন সেই লাখো মুক্তিযোদ্ধাদের, লাখো শহীদদের কথা চিন্তা করি ও মাথায় রাখি।’ আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবীন আইনজীবীদের সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসব কথা বলেন।এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে প্রায় দেড় হাজার আইনজীবীদের সনদ প্রদান করা হয় বলে জানা গেছে।