সংবিধানের মৌলিক বিষয়ের পরিবর্তনে নির্বাচনের বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানের মৌলিক বিষয়গুলো পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। এ জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।জাতীয় প্রেসক্লাবে গতকাল বুধবার দুপুরে ‘সংবিধান নিয়ে অনিশ্চয়তা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসব কথা বলেন। এর আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অভিযোগ করেন, সংবিধান নিয়ে সুপরিকল্পিতভাবে দেশে সংকট তৈরি করা হচ্ছে। বাংলাদেশ নামক দেশটিকে ব্যর্থ ও অকার্যকর করতে এবং পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশের নাম মুছে ফেলার যে ষড়যন্ত্র, তারই ধারাবাহিকতায় এ সংকট সৃষ্টি করা হচ্ছে।তত্ত্বাবধায়ক সরকার নিয়েও এখন সংকট তৈরি করা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই। আওয়ামী লীগ নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইছে। এটা জনগণ মেনে নেবে না। আগামী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় কোনো বিতর্কিত ব্যক্তিকে প্রধান না করার দাবি জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে। দলীয় আজ্ঞাবহ কমিশন মেনে নেওয়া হবে না। ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি চালু কোনোভাবেই মেনে নেওয়া হবে না।আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, সংবিধানের মালিক জনগণ। কাজেই সংবিধানের মৌলিক পরিবর্তন করতে হলে জনগণের মতামত লাগবে।সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ রউফ বলেন, সংবিধান সংশোধনে অবশ্যই জনগণের রায় নিতে হবে। লোক দেখানো সভা করে বিশেষ কমিটি যে পথে সংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি করছে, তা সঠিক নয়। পঞ্চম সংশোধনীর রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদকে পাশ কাটিয়ে সরকার সংবিধান সংশোধন করছে, এটা ঠিক নয়।গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আলোচনায় আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন বোরহান উদ্দিন খান, কলা অনুষদের ডিন সদরুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রেহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মিজানুর রহমান, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম প্রমুখ।