সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যদি যুক্তির খাতিরে ধরেও নিই যে ঢাকা মহানগর এত বড় হয়ে গেছে, এখানকার জনসংখ্যা এত বেশি হয়ে গেছে যে তা একজন মেয়রের পক্ষে সামাল দেওয়া সম্ভব নয়। তাহলেও বলব, সংবিধানের নির্দেশনা অনুযায়ী স্থানীয় সরকারের একটি নির্বাচিত প্রতিষ্ঠানে আইন করেও মনোনীত প্রশাসক নিয়োগ করা যায় না।সংবিধানে তো নির্বাচিত স্থানীয় সরকার সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সংবিধানের কোন নির্দেশনার বলে ওই আইন করা হচ্ছে? ওই আইনও তো অসাংবিধানিক। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে এ ধরনের আইন প্রণয়ন করা উচিত নয়।বলা হচ্ছে, নগরবাসীকে সিটি করপোরেশনের দেওয়া সেবার মান উন্নত করার জন্য ঢাকা মহানগরে দুটি সিটি করপোরেশন করা হচ্ছে। কিন্তু সেবার মানসিকতাই যেখানে নেই, সেখানে ভাগ করে তো সেবার মান উন্নত করা সম্ভব নয়। বিষয়টি তো এমন হতে পারে না যে এখন ১০ জন লোক এক জায়গায় বসে কাজ করছেন, তাঁদের পাঁচজন করে দুই জায়গায় ভাগ করে দিলেই তাঁরা ভালো কাজ করবেন। কাঠামোগত, প্রক্রিয়াগত, প্রশাসনিক বিষয়গুলো স্বচ্ছ না করে, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে হাত না দিয়ে সিটি করপোরেশনকে ভাগ করে দিলে কোনো লাভ হবে না। সেবার নমুনাই যেখানে অনুপস্থিত, সেখানে সিটি করপোরেশনকে ভাগ করে ছোট করে দিলে সেবার মান উন্নত হবে—এই চিন্তাও সঠিক নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিষয়টি দেশের সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।সুলতানা কামাল: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকারকর্মী