সংবিধানের ১২৬ ধারা কার্যকর করতে আলোচনা প্রয়োজন: ছহুল
নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে কীভাবে সংবিধানের ১২৬ ধারাকে কার্যকর করা যায়, তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের আলোচনা হওয়া দরকার। আজ নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের এ কথা বলেছেন।ছহুল হোসাইন বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবেই কাজ করছে। বর্তমান কমিশনের আমলে দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও যথেষ্ট পরিবর্তন এসেছে। তা সত্ত্বেও সংবিধান অনুযায়ী সরকার কীভাবে বা কোন প্রক্রিয়ায় কমিশনকে সহযোগিতা করবে, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকা প্রয়োজন। সরকার ও নির্বাচন কমিশনকে আলোচনা করে সেই পদ্ধতি বের করতে হবে।নির্বাচন কমিশনের চাহিদা সত্ত্বেও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন না করা প্রসঙ্গে ছহুল হোসাইন এসব কথা বলেন। সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সব নির্বাহী বিভাগের কর্তব্য। কমিশন সচিবালয় সূত্র জানায়, নারায়ণগঞ্জে সেনাবাহিনী না মোতায়েনের বিষয়ে ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশন সরকারকে চিঠি দিলেও এখন পর্যন্ত সেই চিঠির জবাব পাওয়া যায়নি।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ব্যাপারে বিএনপির আপত্তি সম্পর্কে ছহুল হোসাইন বলেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের কথায় স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম পদ্ধতি ব্যবহার করা থেকে সরে আসবে না। কারণ এটি আইনগতভাবে নির্দলীয় নির্বাচন। তাই এ নিয়ে রাজনৈতিক দলগুলোর কথা বলা ঠিক নয়।