সংবিধানের ৫ম সংশোধনী: কাল লিভ টু আপিলের ওপর রায়
সংবিধানের পঞ্চম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর কাল মঙ্গলবার রায় দেওয়া দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে ছয়জন বিচারপতির সমন্বয়ে গঠিত এক বেঞ্চে আজ সোমবার সকাল সাড়ে নয়টায় ৬ষ্ঠ দিনের মতো শুনানি শুরু হয়। শেষ হয় বেলা দুইটা ১৭ মিনিটে। লিভ টু আপিলের পক্ষে-বিপক্ষে বক্তব্য উপস্থাপন করেন আইনজীবীরা। আপিলকারী সুুপ্রিম কোর্টের তিন আইনজীবীর কৌঁসুলি মওদুদ আহমদ আজ তাঁর বক্তব্য প্রদান শেষ করেছেন। এরপর বক্তব্য পেশ করেন মূল রিটকারী বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের আইনজীবী আজমালুল হোসেন।২০০৫ সালের ২৯ আগস্ট হাইকোর্ট পঞ্চম সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। বাংলাদেশ ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ রায় দেন। রায়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সাল পর্যন্ত খন্দকার মোশতাক আহমেদ, আবু সাদাত মোহাম্মদ সায়েম ও জিয়াউর রহমানের সামরিক শাসনকে বেআইনি ঘোষণা করা হয়। মওদুদ আহমদ শুনানিতে বলেন, এ মামলাটির সঙ্গে গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন জড়িত। লিভ টু আপিল মঞ্জুর করে পূর্ণাঙ্গ শুনানি হওয়া প্রয়োজন। যদি লিভ টু আপিল মঞ্জুর না হয়, তাহলে আদালত সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হতে পারে। আইনগত বিষয়ের চেয়ে রাজনৈতিক বিষয় এখানে বেশি জড়িত। এতে যেন কোনো রাজনৈতিক মেরুকরণ বা সংঘাত তৈরি না হয়, সেদিকে আদালতের নজর দিতে হবে।এ বিষয়ে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের মন্তব্য তুলে ধরে মওদুদ বলেন, তিনি বলেছেন লিভ টু আপিল মঞ্জুর করা সমীচীন। হাইকোর্টের দেওয়া রায়ে বলা হয়েছে, জিয়াউর রহমান জোর করে ক্ষমতা দখল করেন। এটি ভুল বলা হয়েছে বলে দাবি করেন মওদুদ।তিনি বলেন, পঞ্চম সংশোধনীর মামলায় হাইকোর্টের রায়ে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে সংবিধানের মৌলিক কাঠামো বলে উল্লেখ করা হয়েছে। অথচ অষ্টম সংশোধনীর মামলায় গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতাকে সংবিধানের মৌলিক কাঠামো বলা হয়।রিটকারীর আইনজীবী আজমালুল হোসেন সকাল সাড়ে ১০টায় তাঁর বক্তব্য উপস্থাপন করা শুরু করেন। তিনি বলেন, এই লিভ টু আপিল গ্রহণযোগ্য নয়। লিভ টু আপিল গ্রহণ করার মতো কোনো যুক্তিও এ আবেদনে নেই। সংবিধানের ৭ অনুচ্ছেদে জনগণকে সর্বময় ক্ষমতার অধিকারী বলা হয়েছে। জনগণের জন্য যে আইন সেটা সংবিধান এবং সংবিধানই শ্রেষ্ঠ। সংবিধানবিরোধী অন্য কোনো আইন সংসদ বা অন্য কেউ করলে তা গ্রহণযোগ্য হবে না। তিনি এও বলেন, সংবিধানের ৭ অনুচ্ছেদের সঙ্গে সামরিক আইন সামঞ্জস্যপূর্ণ নয়।