সংযুক্ত আরব আমিরাত ড্রেজার কিনতে সহায়তা দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশে নদ-নদীর নাব্যতা রক্ষায় ক্যাপিটাল এবং মেইনটেন্যান্স ড্রেজিংয়ের জন্য ড্রেজার ক্রয়ে সহায়তা দেবে।সংযুক্ত আরব আমিরাতের সফররত বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শেখ লুবনা বিনতে খালিদ আল-কাসিমী আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এসব কথা জানান।সাক্ষাতে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।শেখ লুবনা বলেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বর্তমানে চমৎকার সম্পর্ক বিদ্যমান। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাঁদের আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংযুক্ত আরব আমিরাত সফর ও সে দেশের সুলতানের বাংলাদেশ সফর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুবার সে দেশে সফরের বিষয়টি গুরুত্ব পায়।আলোচনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতে বাংলাদেশে সড়ক, রেল যোগাযোগসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও চালনা বন্দর উন্নয়নের ব্যাপারে তাঁর সরকারের কর্মসূচিও তুলে ধরেন এবং এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ইউএইর সহায়তা প্রত্যাশা করেন।বৈঠকে বাণিজ্যমন্ত্রী ফারুক খান, রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও মুখ্যসচিব এম এ করিম উপস্থিত ছিলেন। বাসস।