সংযুক্তি, প্রেষণে এখনো চলছে চিকিৎসক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামাঞ্চলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে সংযুক্তি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অথবা প্রেষণে জেলা সদরে চিকিৎসক বদলি বন্ধ রাখা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে সম্প্রতি বদলির আদেশ হওয়া অর্ধশতাধিক চিকিৎসককে আবার পুরোনো কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিতে বলা হয়। তবে এই আদেশকে পাশ কাটিয়ে সংযুক্তি বা প্রেষণে চিকিৎসক বদলি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে কারও কারও সংযুক্তি-প্রেষণ বাতিলও করছে। তাঁদের এই দ্বৈতনীতির কারণে প্রত্যন্ত অঞ্চলের চিকিৎসকসংকট থেকেই যাচ্ছে।অভিযোগ উঠেছে, গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবার জন্য নিয়োগ দেওয়া এডহক চিকিৎসকদের নগর ও নগরের আশপাশের বিভিন্ন হাসপাতালে বদলি করার সুপারিশও করেছেন স্থানীয় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নেতারা।জানা গেছে, ১০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের এক আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কুনচু আকতারকে বোয়ালখালী উপজেলার শাকপুরা উপস্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. আবুল হাসনাত স্বাক্ষরিত একই আদেশে বলা হয়, তিনি প্রেষণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে কাজ করবেন। বেতন তুলবেন মূল কর্মস্থল শাকপুরা থেকে। একইভাবে অন্যান্য জেলায় দু-একজন চিকিৎসক বদলি চলছে বলে অভিযোগ রয়েছে।অথচ তিন দিন আগে ৭ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে চট্টগ্রামের চার চিকিৎসক ও গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর আরেক বিজ্ঞপ্তিতে সারা দেশে ৪৯ জন চিকিৎসকের সংযুক্তি, প্রেষণ ও ওএসডির আদেশ বাতিল করে। এসব চিকিৎসক বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ প্রক্রিয়ায় বদলির আদেশ নিয়ে জেলা হাসপাতালে যোগ দেওয়ার আদেশ নিয়েছিলেন। বাতিল আদেশে তাঁদের মূল কর্মস্থলে যোগ দিতে বলা হয়।মো. আবুল হাসনাত বলেন, ‘বিশেষ বিবেচনায় কিছু কিছু চিকিৎসককে সংযুক্তি ও প্রেষণে জেলা হাসপাতালে বদলি করা হচ্ছে। বিশেষ করে, অবেদন (অ্যানেসথেশিয়া) চিকিৎসকদের সংকট মেটাতে এটা করা হচ্ছে। কুনচু আকতারের বদলি ওই কারণে হয়েছে।’ তিনি বলেন, আগে যাঁরা এই প্রক্রিয়ায় বদলি হয়েছেন, তাঁদের আদেশ বাতিল করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, কুনচু আকতার অবেদনবিদ নন। তিনি প্রসূতি রোগের ওপর কাজ করেন। বিষয়টি জেলা সিভিল সার্জন আবু তৈয়ব নিশ্চিত করেছেন।চট্টগ্রাম জেলায় কুনচুর মতো একই প্রক্রিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হয়ে আরও চারজন চিকিৎসক জেলা হাসপাতালে চলে আসেন। এর মধ্যে ২৬ অক্টোবর বদলির আদেশ পান ডা. রিফাত আসমা চৌধুরী। তিনি রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন। এ ছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৯ অক্টোবরের এক আদেশে এ কে এম বাকি বিল্লাহ বান্দরবান থেকে, মোহাম্মদ শাহাবউদ্দিন রামগড় ও সিরাজুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে সংযুক্তির মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়। কয়েক মাস ধরে সারা দেশে প্রেষণে ও সংযুক্তির মাধ্যমে চিকিৎসকদের নগরের হাসপাতালে আসার প্রবণতা দেখা যাচ্ছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতাসহ বিভিন্ন মাধ্যমে নানামুখী তদবির করে উপজেলার পদ শূন্য না করে তাঁরা নগরের বিভিন্ন হাসপাতালে বদলির আদেশ নিয়ে আসেন। ফলে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই পদে নতুন চিকিৎসক নেওয়া যাচ্ছিল না।এ নিয়ে গত ২ আগস্ট ‘চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপজেলায় থাকতে চান না’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোতে প্রকাশিত হয়। এরপর গত ৪ আগস্ট মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পল্লি এলাকায় চিকিৎসার অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘পল্লি এলাকায় চিকিৎসকদের বদলি করা হয়। তাঁরা সেখানে যান না।’প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের পর সংযুক্তি ও প্রেষণে বদলি হওয়ার আদেশ বাতিল করতে শুরু করে মন্ত্রণালয় ও অধিদপ্তর।